চিকিৎসা হচ্ছে না বিদ্যুৎস্পৃষ্ট শিশুটির
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের স্কুলছাত্র সাদিকুর রহমান (৯)। গত মাসের শেষের দিকে সুপারি পাড়তে গাছে উঠেছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার বাঁ হাত এবং মাথা ও বুকের কিছু অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু হতদরিদ্র মা-বাবা তাকে বাড়ি নিয়ে যান। টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না।
সাদিকুর স্থানীয় কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। তার বাবা উপজেলার কচুবাড়িয়া গ্রামের মিলন হাওলাদার ভাড়ায় মোটরসাইকেল চালান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিলন হাওলাদার ও পারুল বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সাদিকুর সবার ছোট। অভাবের সংসার। এ কারণে সুপারির মৌসুমে সে অন্যের গাছ থেকে সুপারি পেড়ে দেওয়ার কাজ করত। সে গত ২৪ নভেম্বর বিকেলে এক প্রতিবেশীর বাগানের সুপারি পাড়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এতে তার বাঁ হাত এবং মাথা ও বুকের ডান পাশের কিছু অংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৌমিত্র সিনহা রায় বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে আহত রোগীকে ইকো-কার্ডিওগ্রাম ও উন্নত ধরনের ইসিজি করা প্রয়োজন। এ ছাড়া পুড়ে যাওয়া রোগীর চিকিৎসার জন্য আমাদের বার্ন ইউনিট নেই। এ কারণে সাদিকুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।’
সাদিকুরের মা পারুল বেগম বলেন, অভাবের সংসার। তাঁর স্বামী নিয়মিত মোটরসাইকেল চালাতে যান না। সংসারের খরচ চালাতে ছেলেরা ছোটখাটো কাজ করে। টাকার অভাবে বরিশাল না নিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় পল্লিচিকিৎসকের পরামর্শে নারকেলের তেল, ডাবের পানি আর মলম দিচ্ছেন।