চিকিৎসা হচ্ছে না মুক্তিযোদ্ধা সিরাজুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাড়িতে গিয়ে যখন ক্ষুধার্ত ছেলেমেয়ে, বৃদ্ধ মা, শয্যাশায়ী স্ত্রীর কাতর চোখগুলোর দিকে তাকাই তখন নিজের শারীরিক কষ্টের কথা ভুলে যাই। ভোরে পথে নামি দু-পয়সা আয় করে ওদের দুবেলা আহার জোগাতে। পরিবারের সাতজনের ১৪টি অসহায় চোখ আমাকে তাড়া করে।’মুক্তিযুদ্ধে হানাদারদের বিরুদ্ধে সমঞ্চুখযুদ্ধে অংশ নেওয়া বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের লড়াকু সিরাজুল ইসলাম এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন। সিরাজুল ইসলামকে (৬৯) এখন একটি পত্রিকা বিক্রির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় হাটবাজারে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, আলসারসহ নানা রোগে ভুগছেন। প্রয়োজনীয় চিকিৎসার আর্থিক সংগতি নেই ভূমিহীন সিরাজুলের।মা, স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে তাঁর পরিবার। স্ত্রী নাজমুন অসুস্থ, বড় ছেলে মানসিক প্রতিবন্ধী। যৌতুক দিতে না পারায় বড় মেয়ে মুন্নি আক্তারের (২১) বিয়ে হয়নি। তিন ছেলে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে। সিরাজুল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মুক্তিযোদ্ধা ভাতা বাবদ পাওয়া দুই হাজার ও পত্রিকার হকারি করে এক হাজার ৮০০ টাকা পান। এই দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। সিরাজুল জানান, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ৩৭ হাজার টাকা ঋণ করেছেন। এখন কেউ আর তাঁকে টাকা ধার দিতে চান না। সিরাজুলের ভাষ্যমতে, তিনি নবম সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন। তিনি সাতক্ষীরা, কালীগঞ্জ, খুলনার পাটকেলঘাটা ও বাগেরহাটের মোড়েলগঞ্জে যুদ্ধ করেন। তাঁর মুক্তিযোদ্ধা সনদ নম্বর- ০৮০০৩। বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহাম্মদ বলেন, সিরাজুল দেশের জন্য যুদ্ধ করেছেন। কিন্তু নিজের জীবনের জন্য যুদ্ধ করে এখন হেরে যাচ্ছেন।