চিকিৎসাতেই সুস্থ হন মাদকাসক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলা থেকেই ছিলেন মেধাবী। পড়াশোনার পাশাপাশি গিটার-বাঁশ বাজানো, ছবি আঁকা এমনকি মার্শাল আর্টের দক্ষতা ছিল এক যুবকের। ধূমপায়ীদের সঙ্গে মেলামেশা কম করতেন তিনি। কিন্তু উচ্চশিক্ষার জন্য রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাঁর জীবন ওলট-পালট হয়ে যায়। এক সহপাঠী কৌশলে গাঁজা সেবনে আসক্ত করেন ওই যুবককে। তখন থেকে ছবি আঁকা মাঝে মাঝে চললেও পড়াশোনা একেবারেই ছেড়ে দিয়েছেন তিনি।
তবে ওই যুবকের মাকে ছেলেকে দোষারোপ নয়, চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের মতে, ছেলের মধ্যে থাকা ভালো দিকগুলোর প্রশংসা করতে হবে। তাঁকে চিকিৎসায় উদ্বুদ্ধ করাতে হবে।
গত শনিবার প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ-সহায়তার ৭৭তম অনুষ্ঠানে এসব কথা বলেন চিকিৎসকেরা। এ জন্য পরিবারের সদস্যদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের অভিভাবকদের হতাশ হওয়া চলবে না। ধৈর্য ধরে তাঁদের কথা শুনতে হবে, চিকিৎসায় উদ্বুদ্ধ করাতে হবে।
মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আলগিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ফারজানা রহমান, জিল্লুর রহমান খান ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া।