চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই দিন পর মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবনধসে উদ্ধার অভিযানে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ হয়েছিলেন উদ্ধারকর্মী ওমর ফারুক (২৬)। নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল মঙ্গলবার সকালে ওই হাসপাতালেই মিলেছে তাঁর লাশ।

পুলিশ বলছে, ওমরের গলায় রশির দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফাঁসজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এক কর্মচারী হাসপাতালের রক্তরোগ বিভাগ ও দন্ত্যরোগ বিভাগের মাঝামাঝি করিডরে ট্রলিতে এক যুবকের লাশ দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। স্বজনেরা লাশটি ওমরের বলে শনাক্ত করেন।

ওমরের স্ত্রী আয়েশা আক্তার প্রথম আলোকে বলেন, চার মাস আগে ওমরের সঙ্গে তাঁর বিয়ে হয়। ওমর তাঁকে নিয়ে সাভারের উত্তর রাজাসনে থাকতেন। সাভারের দারোগা মার্কেটে তাঁর গ্রিলের দোকান আছে। রানা প্লাজা ধসের পর ওমর সেখানে উদ্ধার অভিযানে অংশ নেন। তিন দিন পর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে গত ৩০ এপ্রিল সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু কিডনি সমস্যা দেখা দেওয়ায় ৩ মে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ৫ মে বিকেলে নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত তিনি ৩১৫ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

আয়েশা বলেন, ৫ মে হাসপাতালে ওমরের কাছে তিনি ছিলেন। কিন্তু বিকেল চারটার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। পাঁচটার দিকে ঘুম ভাঙলে দেখেন, শয্যায় ওমর নেই। অনেক খুঁজেও না পেয়ে তিনি পাশের এক রোগীর স্বজনকে তাঁর মুঠোফোন নম্বর দিয়ে আসেন, যেন খোঁজ মিললে তাঁকে খবর দেন। ওই ব্যক্তিই ফোন করে একজনের লাশ পাওয়া যাওয়ার খবর দেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ওমর নিজে ফাঁস দিয়েছেন নাকি অন্য কেউ দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি নিজে ফাঁস দিলে লাশ কে আনল, সেই প্রশ্নের উত্তর খোঁজারও চেষ্টা চলছে। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ও স্বজনেরা জানান, ভর্তি হওয়ার পর থেকে ওমর ভীতসন্ত্রস্ত ছিলেন। ভবনধসে আটকে পড়া মানুষকে উদ্ধার করা নিয়ে বেশ উদ্বিগ্ন থাকতেন।