ঢাকার সাভারের একটি বাড়িতে বিস্ফোরণের পর লাগা আগুনে দগ্ধ হজরত আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা গেছেন। এর আগে ঘটনার দিন মারা যান তাঁর বাবা ও মা। ঘটনার পাঁচ দিন পর মারা গেছেন তাঁর বোন। হজরত আলী মারা যাওয়ায় প্রবাসে থাকা এক ছেলে ছাড়া ওই পরিবারের আর কেউ বেঁচে থাকল না।
সাভার মডেল থানার পুলিশ জানায়, ৬ জানুয়ারি গভীর রাতে পৌর এলাকার ভাগলপুরের ওই বাড়িতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এরপর একতলা ভবনের তিনটি কক্ষসহ ভবনের চারপাশে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে বাড়ির ভেতরেই মারা যান রওশন আলী ও খায়রুন নেসা দম্পতি। তাঁরা বাড়ির মালিক তাজুল ইসলামের শ্যালিকা ও ভায়রা ভাই। আহত হন তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী মেহেরুন নেসা, নিহত দস্পতির ছেলে হজরত আলী, মেয়ে ফাতেমা আক্তার ও মেয়েজামাই খোরশেদ আলম।
আহত ব্যক্তিদের প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফাতেমা ও তাঁর স্বামী খোরশেদ আলমসহ হজরত আলীকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারি রাতে মারা যান ফাতেমা। এর আট দিন পর বৃহস্পতিবার রাতে মারা গেছেন হজরত আলী। বাকিরা ঢাকা ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রওশন আলীর বড় ছেলে মোহাম্মদ আলী ছয় বছরের বেশি সময় ধরে বিদেশে থাকেন। তাঁর (মোহাম্মদ আলী) স্ত্রী-সন্তানেরা থাকেন ধামারাইয়ের ফোর্ডনগরে তাঁর শ্বশুরবাড়িতে। স্ত্রী আর ছোট ছেলেকে নিয়ে রওশন থাকতেন ভাগলপুরে ভায়রা ভাইয়ের বাসায়। মেয়ে ফাতেমা ও জামাতা খোরশেদ ঘটনার দিন বিকেলে ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন।
রওশনের বড় ভাই দুলাল মিয়া বলেন, মৃত্যুর আগে ফাতেমা তাঁকে জানিয়েছেন ঘটনার দিন রাত তিনটার দিকে মেয়ের দুধ গরম করার জন্য তিনি রান্নাঘরে যান। এরপর দেশলাই জ্বালাতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর পুরো বাড়িতে আগুন ধরে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল হজরত আলী ও ফাতেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।