চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক
ফাইল ছবি

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পুড়ে গেছে।

আজ রোববার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, বিস্ফোরণে দগ্ধ ৩৭ জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাঁদের মধ্যে ২৪ জন মারা গেছেন। প্রত্যেকেরই ৭০ থেকে ৮০ শতাংশ পোড়া।

এখন ১৩ জন চিকিৎসাধীন আছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পোড়া। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পোড়া। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
জাহিদ মালেক, স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করছেন। কিছুসংখ্যক ব্যক্তি বেঁচে যাবেন বলে আশা করছেন তিনি।

জাহিদ মালেক বলেন, এই ঘটনায় অবহেলাজনিত মামলা হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কারও সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার বাইরে বার্ন ইউনিট করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব হাসপাতালেই বার্ন ইউনিট করার পরিকল্পনা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এসেছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, মারা যাওয়া ব্যক্তিদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এ ছাড়া রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন।
ডা. সামন্তলাল সেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানিয়েছেন, নারায়ণগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন।

সবশেষ মারা যান মো. আলী মাস্টার (৫৫)। আইসিইউতে দুজন আছেন। তিনি বলেন, ‘চিকিৎসাধীন সবারই শ্বাসনালি পোড়া। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’