পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা এখনো সংকটাপন্ন। তাদের মধ্যে তিনজন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ও অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও সিএমএইচ মিলে ২২ জন চিকিৎসাধীন আছে। এর মধ্যে বার্ন ইউনিটে ১৪ জন ও সিএমএইচে আটজন রয়েছেন। চারজন ছাড়া অন্যদের অবস্থা উন্নতির দিকে।৩ জুন রাতের অগ্নিকাণ্ডের পর দেড় শতাধিক মানুষ বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসে। পরদিন সকালে বার্ন ইউনিট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে পাঁচজন মারা যায়। ওই দিনই বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩৯ জনের মধ্যে ১৪ জনকে সিএমএইচে পাঠানো হয়। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় নারী ও শিশুসহ চারজন মারা যায়। এই অগ্নিকাণ্ডে সব মিলে ১২১ জনের মৃত্যু হয়।বার্ন ইউনিটের অধ্যাপক মো. শহিদুল বারী প্রথম আলোকে বলেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে ছয়জন নারী, দুজন শিশু ও আটজন পুরুষ রয়েছে। গতকাল স্কুলছাত্রী আলভী রহমানের ক্ষতস্থানে অস্ত্রোপচারের পর সে সুস্থ আছে। নিমতলীর অগ্নিদগ্ধ ব্যক্তিদের মধ্যে গতকাল প্রথম আলভী রহমানের অস্ত্রোপচার করা হলো। তিনি জানান, চিকিৎসাধীন থাকা তিনজন নারী ও চারজন পুরুষের পর্যায়ক্রমে অস্ত্রোপচার করা হবে।গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমএইচে থাকা তিনজনের অবস্থা আশঙ্কাজনক।