চিকিৎসাধীন ছাত্রের হাতে হাতকড়া, ওসিকে তলব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী এক শিক্ষার্থীকে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোর বিষয়ে ব্যাখ্যা দিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। ওসিকে আগামী বুধবার আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।
ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন আজ আদালতের নজরে আনেন আইনজীবী এস এম রেজাউল করিম। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে আদালত রুলসহ আদেশ দেন। রুলে হাতকড়া পড়ানো অবস্থায় চিকিৎসাসেবা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গত শনিবার আন্দোলনে নামেন। আন্দোলনের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন নাজমুল হোসেন নামের এক শিক্ষার্থী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আটক করে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় তাঁর এক হাতে হাতকড়া দেখা যায়। হাতকড়া লাগানো হাতটি হাসপাতালের বিছানার (বেড) সঙ্গে লাগানো অবস্থায় দেখা যায়।
গত শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নাজমুল হাসান ও মেহেদি হাসান নিহত হন। এ ঘটনার জের ধরে পরদিন আন্দোলনে নামেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।