চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গ্যাসের সরবরাহ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আনোয়ার হোসেন (৩৮) নামের এক
কারখানা শ্রমিক গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আনোয়ার হোসেন ঢাকার দোহার উপজেলার মৌরা গ্রামের আলী মাঝির ছেলে। তিনি মাস্টারবাড়ির মিতা টেক্সটাইল নামের একটি কারখানার বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেনের কাজ করার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের পাইপ ফেটে যায়।
পরে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আনোয়ার হোসেনসহ সাত-আটজন অগ্নিদগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়।
এদিকে আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ইটপাটকেল ছুড়ে কমপক্ষে ১০-১২টি যানবাহনের কাচ ভাঙচুর করেন।
খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজীজ হায়দার ভূঁইয়া, থানা ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনদের বুঝিয়ে শান্ত করেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্প্রসারণকাজে নিয়োজিত ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানির মহাব্যবস্থাপক অলক বড়ুয়া গতকাল প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত ব্যক্তিদের চিকিৎসার খরচও দেওয়া হবে।