চিকিৎসাধীন পুলিশ সদস্যদের নিয়ে পরিবার উদ্বিগ্ন

গত নয় দিনে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় মহানগর পুলিশের (ডিএমপি) অন্তত ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। অন্যরা ইট ও লাঠিসোঁটার আঘাতে আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ কনস্টেবল আবদুর রউফ, কনস্টেবল ইমানুল ইসলাম ও উপপরিদর্শক শাহানুর রাজধানীর তিন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাঁদের অবস্থা নিয়ে পরিবার উদ্বিগ্ন।
ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, গত সোমবার পর্যন্ত হামলায় আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ২২ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। দাঙ্গা দমন পশ্চিম বিভাগের কনস্টেবল আবদুর রউফ জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, হাসপাতালে ডান হাতে ব্যান্ডেজ নিয়ে রউফ শুয়ে আছেন। তাঁর ঠোঁট ও মুখমণ্ডল কেটে গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রউফ প্রথম আলোকে বলেন, কারা গুলি করেছে, তা দেখেননি। হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নরেশ চন্দ্র মণ্ডল গতকাল প্রথম আলাকে বলেন, গুলিতে রউফের রক্তনালি ছিঁড়ে গেছে। তাঁর শরীর থেকে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে।
সোমবার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ইটের আঘাতের দাঙ্গা দমন উত্তর বিভাগের কনস্টেবল ইমানুল ইসলামের নাক ফেটে গেছে এবং দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন।
জানতে চাইলে ইমানুলের উদ্বিগ্ন শ্বশুর হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, সোমবার রাত থেকে অসহনীয় যন্ত্রণায় চিৎকার করছেন ইমানুল। তাঁর কষ্ট দেখে কান্না পায়।
গুলশান পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শাহানুরের মুখে ইটের আঘাত লেগেছে। তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।