‘বাসার সব পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে গিয়ে কী করব’—একরাশ হতাশা নিয়ে কথাগুলো বললেন শরফুদ্দিন আহমেদ। পুরান ঢাকার নিমতলীর নবাব কাটরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিদের একজন তিনি। চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলায়। বার্ন ইউনিটে তাঁর মতো আরও চারজন চিকিসাধীন। প্রায় সবার মনেই অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা, স্বজন হারানোর শোক। নিমতলীর অপর সাতজন দগ্ধ চিকিৎসাধীন রয়েছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সূত্র জানায়, দুই হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা এখনো সংকটাপন্ন। সিএমএইচে চিকিৎসাধীন পাঁচজন শঙ্কামুক্ত। ঢাকা মেডিকেলের একজন আইসিইউতে রয়েছেন।গতকাল বুধবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গেলে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিরা জানান, ৩ জুন রাতের সেই বিভীষিকাময় দৃশ্য এবং আগুনে হারানো স্বজনদের মুখ সব সময় চোখে ভাসে। ঢাকা সিটি করপোরেশনের কর্মচারী শরফুদ্দিনও জানান একই কথা। দুই পায়ে পোড়া ক্ষত নিয়ে শুয়ে থাকা শরফুদ্দিন বলেন, ‘চোখের সামনে সাড়ে চার বছর বয়সী একমাত্র সন্তান সামির আহমেদ পুড়ে মারা গেল। অগ্নিদগ্ধ স্ত্রী সাহিদা সিএমএইচে চিকিৎসাধীন। মন চায় তাঁর কাছে যাই। কিন্তু আমি অসহায়। সব মিলে রাতে ঘুম হয় না। খেতেও পারি না।’ ফল বিক্রেতা মো. মামুনের ডান হাত, পিঠ ও পা দগ্ধ হয়েছে। নিজের ক্ষতের যন্ত্রণার সঙ্গে আছে আগুনে সাত বছরের ছেলেকে হারানোর বেদনা। তিনি বলেন, ‘ওই সময় ছেলে আমার সঙ্গে দোকানেই ছিল। বাপ হয়ে ছেলেকে বাঁচাতে পারলাম না।’ তাঁর স্ত্রী অপর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বোনের বাসায় বেড়াতে যাওয়ায় বেঁচে গেছেন। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুরো সেরে উঠতে অনেক দিন লাগবে। এ সময় ঘর ভাড়া কে দেবে, সংসারই বা চলবে কেমন করে? সারাক্ষণ মাথায় এই চিন্তা ঘুরপাক খায়।’মামুন বলেন, ‘দিদার ও গুলজারদের বাসার নিচের গুদামে থাকা কেমিক্যালের কারণে এতগুলো মানুষের জান গেল। ওদের শাস্তি হলে মনে শান্তি পাব।’বার্ন ইউনিটে চিকিৎসাধীন অপর দুজন হলেন বঙ্গবাজারের গেঞ্জির দোকানি মোহাম্মদ এনায়েতউল্লাহ ও ব্যাগের কারখানার মালিক আবুল কাশেম। এনায়েতের পিঠ ও হাত এবং কাশেমের দুই হাত-পা ও মুখ দগ্ধ হয়েছে। এনায়েত ৩৬৯/১ নবাব কাটরার পঞ্চম তলার মেসে থাকতেন। আগুন লাগার পর তিনি লাফিয়ে চারতলায় পড়েন। কোমরে প্রচণ্ড চোট পাওয়ায় ঠিকমতো বসতে পারছেন না। তাঁর সঙ্গে থাকা আরও তিনজন লাফিয়ে পড়ে আহত হন।কাশেম জানান, আগুনে তিনি স্ত্রী সখিনা বেগমকে হারিয়েছেন। ছেলে সোহেল (২৮) সুস্থ হয়ে উঠলেও সাড়ে তিন বছরের নাতনি সুরাইয়া আফরিন সিএমএইচে কাতরাচ্ছে। তিনি বলেন, ‘এক নিমেষে সব কিছু ওলট-পালট হয়ে গেল।’ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের অধ্যাপক মো. শহীদুল বারী প্রথম আলোকে বলেন, এই ইউনিটের আইসিইউতে থাকা ববিতা বর্মণ ছাড়া অপর চারজনের অবস্থার উন্নতি হয়েছে। আগামী সপ্তাহে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর কেউ কেউ সাত-আট দিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাঁরা স্বাভাবিক কাজ-কর্ম করতে পারবেন। তবে স্বজনহারা দগ্ধ ব্যক্তিদের সুস্থ হতে কিছু সময় লাগবে। তাঁদের মানসিক সহযোগিতা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের প্রধান শাহীন ইসলাম। এই ইউনিটের আইসিইউতে রয়েছেন কলেজছাত্রী ববিতা বর্মণ। তাঁর শরীরের ৩৭ শতাংশ পুড়ে গেছে। তাঁর মামি চামেলীর পুড়েছে ৪০ শতাংশ। তিনি সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন। চামেলীর স্বামী চিকিৎসক বাদল বর্মণও সিএমএইচে চিকিৎসাধীন। তিনি সুস্থ হয়ে উঠছেন। তাঁদের আড়াই বছরের মেয়ের অবস্থারও উন্নতি হচ্ছে বলে সিএমএইচে কর্তব্যরত চিকিৎসকেরা জানান। এখানে চিকিৎসাধীন অন্য তিনজনও আশঙ্কামুক্ত।নবাব কাটরায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় শতাধিক মানুষ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে যায়। তাদের মধ্যে ১৪ জনকে ৪ জুন সিএমএইচে পাঠানো হয়। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১২২ জনের মৃত্যু হয়েছে।