চিকিৎসাপত্র আটকে রেখে ফি আদায়!
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা অবস্থায় রোগী দেখে ফি আদায়ের চেষ্টা করেছিলেন এক চিকিৎসা কর্মকর্তা। কিন্তু রোগীর প্রতিবাদ ও একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হস্তক্ষেপে টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্স ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সহপাঠীর সঙ্গে খেলতে গিয়ে ডান হাতে আঘাত পায় বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাগর (১৩)।
পরে স্থানীয় পলাশ দাস নামে এক অভিভাবক সাগরকে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বিশ্বাসের কাছে নিয়ে যান।
মাহাবুবুর রহমান চিকিৎসাপত্র তৈরি করে পলাশ দাসের কাছে ২০০ টাকা ফি দাবি করেন।
পলাশ দাস এর প্রতিবাদ করেন। তিনি টাকা দিতে রাজি না হওয়ায় মাহাবুবুর রহমান চিকিৎসাপত্র আটকে রাখেন। পরে অনন্যোপায় হয়ে পলাশ দাস ওই চিকিৎসককে ২০০ টাকা দিয়ে চিকিৎসাপত্র নেন।
পলাশ দাস বলেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে জানান। পরে তাঁর নির্দেশে
ওই চিকিৎসা কর্মকর্তা অল্প সময় পরে তাঁকে ২০০ টাকা ফেরত দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মাহাবুবুর রহমান বিশ্বাস বলেন, টিকিট কেটে দেখানো হয়নি বলে টাকা নেওয়া হয়েছে এবং পরে আবার ফেরত দেওয়া হয়েছে।
অবশ্য পটুয়াখালীর সিভিল সার্জন মো. নওশের আলী বলেন, সরকারি হাসপাতালে অফিস সময়ে (সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত) রোগী দেখে চিকিৎসকদের টাকা আদায়ের বিধান নেই।