কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগের মাঝে একটি সড়ক। সড়ক ধরে কিছুদূর এগোলে লাশঘর। সড়কটির বেশির ভাগ অংশ চিকিৎসাবর্জ্যে ঢাকা পড়ে আছে। আর এই বর্জ্য মাড়িয়ে হাসপাতালের কর্মরত লোকজন, রোগী ও দর্শনার্থীদের প্রতিদিন আসা-যাওয়া করতে হয়। এ কারণে রোগ নিরাময়ের সরকারি এ প্রতিষ্ঠানটির মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে বর্জ্য অপসারণ নিয়ে হাসপাতাল এবং পৌর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় না থাকায় সমস্যা আরও প্রকট হচ্ছে।
জানতে চাইলে সিভিল সার্জন মৃণাল কান্তি পণ্ডিত বর্জ্য জমে থাকার কথা স্বীকার করে বলেন, পৌর কর্তৃপক্ষ বর্জ্য অপসারণ করার কথা। সময়মতো করছেন না বলে সমস্যা বাড়ছে। চিকিৎসাবর্জ্য হাসপাতাল থেকে কিছুটা দূরে নির্দিষ্ট স্থানে রাখা উচিত। কয়েক দিনের মধ্যে তা আবার পুড়িয়ে কিংবা মাটিচাপা দিয়ে ধ্বংস করতে হয়।
স্বাস্থ্যঝুঁকির কথা স্বীকার করে তিনি বলেন, যেখানে-সেখানে চিকিৎসাবর্জ্য ফেলায় বিভিন্ন ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়তে পারে। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা।
সিভিল সার্জনের এমন অভিযোগের বিষয়ে পৌর মেয়র মাজহারুল ইসলাম বলেন, দায় শুধু পৌরসভার ওপর চাপিয়ে দিয়ে বসে থাকলে চলবে না, নিজেদেরও এগিয়ে আসতে হবে। পৌর মেয়র জানান, হাসপাতালটি বর্জ্যমুক্ত করার পরিকল্পনা আছে তাঁর।
গত ৮ সেপ্টেম্বর সরেজমিন দেখা গেছে, সড়কটিতে চিকিৎসাবর্জ্যের স্তূপ। দুর্গন্ধে অনেকে নাক চেপে গন্তেব্যে যাচ্ছেন।
জেলার ইটনার বাদনা ইউনিয়নের বড়শিকুড়া গ্রামের মনসুরা খাতুন (৪৫) নামে এক নারী এসেছেন চিকিৎসা নিতে। তিনি বলেন, এই হাসপাতালে এসে কারও ক্ষুধা পাবে না। দুর্গন্ধে পেট ভরে যাবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখা গেছে, পরিচ্ছন্নতা কর্মীরা ঝুড়িতে করে এনে সড়কটির ওপর চিকিৎসাবর্জ্যসহ অন্যান বর্জ্য ফেলে যাচ্ছেন। রোগীর স্বজনেরাও এনে ফেলছেন। লাশঘরের বর্জ্যও ফেলা হচ্ছে একই জায়গায়।
ডোম শাহাব উদ্দিন বলেন, বর্জ্য কোন জায়গায় ফেলতে হবে, হাসপাতাল থেকে বলা হয়নি বলে দেখাদেখি সবাই রাস্তার ওপর ফেলছে।
হাসপাতাল ঘুরে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ডের শৌচাগারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে আছে। বেশ কয়েকটিতে শৌচাগারে বদনা ও পানি নেই।
৫ নম্বর ওয়ার্ডে ভর্তি রফিকুল ইসলাম নামে এক রোগী বলেন, ‘বদনা নাই, পানি নাই। কেমনে কী করুম। পরে বাইরের এক আত্মীয়ের বাড়ি যাইয়া প্রকৃতির ডাকে সাড়া দিয়া আসছি।’
হাসপাতালের জরুরি বিভাগের কক্ষটি খুব বড় নয়। ওই কক্ষের ভেতরে চিকিৎসকের বসার জায়গার পাশে আছে একটি শৌচাগার। রোগীরা শৌচাগারটি ব্যবহার করছে। জরুরি বিভাগে শৌচাগার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
ওই দিন জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসক তানভীর হোসেন বলেন, নাক চেপে ধরে চিকিৎসা দিতে হয়। এই রকম পরিবেশে ভালো চিকিৎসা দেওয়া কঠিন।