চিকিৎসায় অবহেলার অভিযোগ বিএমডিসিকে জানান: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসায় অবহেলা বা ভুলের অভিযোগ উঠলে সংক্ষুব্ধ ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কাছে তা জানানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, যেকোনো অজুহাতে রোগীর সেবা বন্ধ রেখে চিকিৎসকদের ধর্মঘটে যাওয়া ঠিক নয়।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর দেশ। সরকারের আন্তরিক ইচ্ছা থাকলেও সব সময় মানসম্পন্ন সেবা দেওয়া সম্ভব হয় না। ত্রুটি-বিচ্যুতি হতে পারে, হয়ও। কিন্তু সেই কারণে চিকিৎসকদের ওপর হামলা করা বা হাসপাতাল-ক্লিনিক ভাঙচুর করা ঠিক নয়। অন্যদিকে একজন চিকিৎসকের ওপর কোনো অন্যায় হলে হাসপাতালের সব রোগীর সেবা বন্ধ রেখে চিকিৎসকেরা ধর্মঘট করেন, এটাও ঠিক নয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পেশাজীবীদের বিরুদ্ধে অভিযোগ জানানোর যথাযথ প্রতিষ্ঠান আছে। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে বা আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সংক্ষুব্ধ ব্যক্তি বার কাউন্সিলে অভিযোগ জানাতে পারেন। চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযোগ থাকলে তার প্রতিকার করবে বিএমডিসি।

চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, অনেক সময় গণমাধ্যমে প্রচার করা, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত বা অনুসন্ধান ছাড়া চিকিৎসককে দায়ী করা ঠিক নয়। একজন চিকিৎসক অভিযোগ করেন, সাংবাদিকেরা অনেক কিছু না জেনে লেখেন।

এতে পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়। সাংবাদিকেরা বলেন, সম্প্রতি চিকিৎসকের অবহেলায় একজন চিকিৎসকের মৃত্যুর অভিযোগ তুলেছে বিএমএ, সাংবাদিকেরা নন। সাংবাদিকেরা মনগড়া ভুল অভিযোগ তোলেন না। রোগীর আত্মীয়র কাছ থেকে অভিযোগ পেয়ে তাঁরা লেখেন বা প্রচার করেন। সাংবাদিকেরা আরও বলেন, অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের দিয়ে কমিটি করা হলেও তাঁদের প্রতিবেদন প্রকাশ করা হয় না।