চিকিৎসায় অবহেলার অভিযোগে কুমিল্লা মেডিকেলে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টায় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে দুর্ঘটনায় আহত একজন চিকিৎসার অবহেলায় মারা গেছেন—এমন অভিযোগ এনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কয়েকটি কক্ষ ও দরজা ভাঙচুর করেছে কুমিল্লা সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (২২), তাঁর চাচাতো ভাই একই গ্রামের আবদুল কাদেরের ছেলে সোহেল (২২)। এ দুর্ঘটনায় আহত হয়েছে কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সায়মন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমাই মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, কুমিল্লা সিটি কলেজের দুই শিক্ষার্থী একজন সঙ্গী নিয়ে মোটরসাইকেলযোগে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টায় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তোফায়েল আহমেদ মারা যান। আহত অন্য দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে একজন মারা যান।
নিহত শিক্ষার্থীর সহপাঠী কুমিল্লা সিটি কলেজের ইমন ও রাজীবের অভিযোগ, ‘সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তোফায়েল মারা যান। আহত হয় সোহেল ও সায়মন। এরপর তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে আনা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ নিচতলা থেকে দ্বিতীয় তলার জরুরি বিভাগে রোগী নিতে কমপক্ষে আধা ঘণ্টা দেরি করে। আমরা তাঁদের অনেক অনুরোধ করেও রোগীকে যথা সময়ে জরুরি বিভাগে নিতে পারিনি। পরে নেওয়া হলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে সায়মনকে ঢাকায় পাঠানোর অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বেলা দেড়টায় শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালান।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল বলেন, জরুরি ওয়ার্ডে নিয়ে আসার আগেই রোগী মারা যান। এ ক্ষেত্রে চিকিৎসকদের কোনো অবহেলা ছিল না। এরপরও কুমিল্লা সিটি কলেজের শিক্ষার্থীরা জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষের একটি টেবিল, একটি চেয়ার, একটি কম্পিউটার, একটি ফোনসেট ও হাসপাতালের নিচতলার দরজা ভাঙচুর করেন।
কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালের নিচতলা থেকে দ্বিতীয় তলায় রোগী নিতে এক ঘণ্টা বিলম্ব করার কারণে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন কুমিল্লা জেলা বিএমএর সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন ভূঁইয়া। তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।