চিকিৎসায় অবহেলাসংক্রান্ত মামলার নীতিমালা প্রণয়নে রুল
চিকিৎসায় অবহেলার অভিযোগে কোনো চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা ও গ্রেপ্তার এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার দুপুরে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
চিকিৎসায় অবহেলার অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান রিটটি করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী তানভীর পারভেজ ও হাবিবুর রহমান মামলা পরিচালনা করেন।
পরে তানভীর পারভেজ প্রথম আলো ডটকমকে বলেন, চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যুর ক্ষেত্রে তিনটি বিষয়ে নীতিমালা প্রণয়ন নিয়ে রুল জারি করেছেন আদালত। প্রাথমিক অভিযোগের সত্যতা যাচাই ছাড়া ও অন্য চিকিৎসকের মতামত ছাড়া অভিযোগ ওঠা চিকিৎসকের বিরুদ্ধে নালিশি মামলা গ্রহণ না করা, এজাহার মামলার ক্ষেত্রে মেডিকেল বোর্ড গঠন ও বোর্ডের মতামত নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের দিক বিবেচনায় নিয়ে ওই নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় অবহেলার কারণে মৃত্যু সংঘটন বিষয়ে বলা হয়েছে। এই ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি বেপরোয়া বা অবহেলাজনক কাজ করে কারও মৃত্যু ঘটান এবং তা অপরাধজনক প্রাণহানি না হয়, তাহলে ওই ব্যক্তি পাঁচ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনা শ্রম কারাদণ্ডে কিংবা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।