চিকিৎসায় জাদু দেখান শাকির হুসেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকির হুসেইন
শাকির হুসেইন

চার দশক আগের কথা। উত্তেজনায় কাঁপতে কাঁপতে ক্রিকেটের ব্যাট আর প্যাড নিয়ে বাড়ি ছেড়ে যাচ্ছিলেন স্কুলপড়ুয়া শাকির হুসেইন। দিলীপ ট্রফিতে খেলার সুযোগ মিলেছিল। শেষ মুহূর্তে চিকিৎসক বাবা হাতিম ভাই হেকিম আটকে দিলেন শাকিরকে। ক্রিকেটার হওয়া হলো না। হলেন চিকিৎসক। এখন জগৎজোড়া খ্যাতি।
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসায়েন্সের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন শাকির হুসেইন। জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়েছেন মস্তিষ্কের জটিল সমস্যা সমাধানে।
শাকির হুসেইনের কাজ স্ট্রোক হওয়ার আগের স্তরে। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নানা কারণে রক্তনালিতে রক্ত জমাট বাঁধে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। রক্ত জমাট বেঁধে যাওয়া বা রক্তক্ষরণই স্ট্রোক। পঙ্গুত্বের অন্যতম প্রধান কারণ স্ট্রোক। মস্তিষ্কে কাটাছেঁড়া না করে ধমনি ও শিরা মেরামত করে স্ট্রোকের ঝুঁকি এড়ানো যায়।
শাকির হুসেইন বলছিলেন, আগে সমাধান হতো অস্ত্রোপচারে। অস্ত্রোপচারের পর রোগীকে হাসপাতালে থাকতে হতো প্রায় এক সপ্তাহ। সুস্থ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম ছিল। এখন মস্তিষ্কের ভেতর কোনো সমস্যা দেখা দিলে পায়ের রক্তনালি ধরে সমস্যার জায়গাটিতে পৌঁছানো হয়। প্রয়োজনে রিং পরানো হয় বা ধমনি ও শিরা আলাদা করা হয়। এই চিকিৎসা এখনো ব্যয়বহুল। কিন্তু রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি, হাসপাতালে কম সময় থাকতে হয়।
এবার ঢাকায় এসে ব্যাংকে কর্মরত এক নারীর মস্তিষ্কের রক্তনালিতে রিং পরিয়েছেন শাকির হুসেইন। অফিস থেকে এই নারী ছুটি নিয়েছিলেন দুই দিন। চিকিৎসা শেষে আবার কাজে ফিরে গেছেন।
বাংলাদেশের চিকিসকেরা এই পদ্ধতি কতটা রপ্ত করেছেন? এমন প্রশ্নে শাকির হুসেইন ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের চিকিৎসকদের। তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা আছে, কিন্তু শেখার ব্যাপারে চিকিৎসকদের আগ্রহের কমতি নেই।
শাকির হুসেইন এখন দিল্লির সাকেট সিটি হসপিটালের চিকিৎসক। রাজস্থানের উদয়পুর আরএনটি মেডিকেল কলেজ থেকে ১৯৮৬ সালে এমবিবিএস ডিগ্রি নেওয়ার পর স্নাতোকোত্তর ডিগ্রি নিয়েছেন দিল্লি ইউনিভার্সিটি থেকে। নিউরোলোজির ওপর এই বিশেষ ও অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতি শিখেছেন সুইজারল্যান্ডের জুরিখে।
গত ৫ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথল্যাব থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে ধরলেন নবীন চিকিৎসকেরা। একজন মাস্ক খুলে দিলেন, একজন মাথার টুপিটা, একজন অস্ত্রোপচারকক্ষের বিশেষ পোশাক খুলতে সাহায্য করলেন। এরপর হাত-পা ছড়িয়ে চেয়ারে বসে কথা বলছিলেন এই অতিথি চিকিৎসক। বাইরে থেকে আসছিল বিরিয়ানির ঘ্রাণ। ঠাট্টা করে বললেন, ‘উপমহাদেশে খুব দ্রুত নগরায়ণ হচ্ছে। নগরায়ণের অন্যতম কুফল বাজে খাদ্যাভ্যাস, পরিশ্রম না করা ও স্ট্রোকের কবলে পড়া। এই যে দেখুন সিঙাড়া নিয়ে বসে আছি, বিরিয়ানির ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এগুলো ভালো নয়। তবে মাঝে মাঝে খেতে হয়।’