চিকিৎসার অতীত তুহিনের আজ অন্য অস্ত্রোপচার
প্রজেরিয়া আক্রান্ত তুহিন ইসলামের আজ সোমবার হার্নিয়ার অস্ত্রোপচার হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। বিএসএমএমইউয়ের মেডিসিন অনুষদের নবনির্বাচিত ডিন ও বিশিষ্ট চিকিৎসক এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে জয়পুরহাটের কালাই উপজেলার সপ্তম শ্রেণীর ছাত্র তুহীন ২৪ অক্টোবর থেকে এই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছে।গতকাল রোববার এ বি এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘প্রজেরিয়ার কোনো চিকিৎসা কারও জানা নেই। আমরা তুহিনকে প্রজেরিয়ার চিকিৎসা দিচ্ছি না। কিন্তু অন্যান্য সহায়তামূলক চিকিৎসা দেওয়ার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তুহিনের চিকিৎসার যাবতীয় খরচ বহন করছে।তুহিনের বয়স ১২ বছর। কিন্তু তাকে দেখে মনে হবে সে ষাটোর্ধ্ব প্রবীণ। তার মুখ ও সমস্ত শরীরের চামড়া কুঁচকে আছে, ঝুলে আছে। শৈশব বা কৈশোরের লাবণ্য তার শরীরে নেই, জন্মের পর থেকে ছিলও না কোনো দিন। বিজ্ঞনীরা বলেন, জিনগত ত্রুটির কারণে মানুষ এই রোগে আক্রান্ত হয়। জয়পুরহাটের এ কিশোরকে নিয়ে প্রথম ৬ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। এরপর ২ অক্টোবর প্রথম আলোর ছুটির দিনে ‘জয়পুরহাটে পা’ শিরোনামে প্রধান প্রতিবেদন (কভার স্টোরি) ছাপা হয়। প্রধান প্রতিবেদন ছাপা হওয়ার পর প্রথম আলোর মাধ্যমে তুহিনের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। অধ্যাপক আবদুল্লাহ প্রথম আলোর কালাই প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে তুহিনকে চিকিৎসার জন্য ঢাকায় আনার উদ্যোগ নেন। তুহিন বিএসএমএমইউয়ের ‘সি’ ব্লকের ষষ্ঠ তলায় মেডিসিন বিভাগের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।অধ্যাপক আবদুল্লাহ বলেন, প্রজেরিয়া রোগের চিকিৎসা পৃথিবীর কোথাও নেই। তবে রোগ নিয়ে একাধিক প্রতিষ্ঠানে গবেষণা হচ্ছে। এমনই একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের প্রজেরিয়া ফাউন্ডেশন। তিনি বলেন, প্রজেরিয়া আক্রান্ত তুহিনের বর্তমান অবস্থা চিঠির মাধ্যমে ফাউন্ডেশনকে জানানো হয়েছে। এ ক্ষেত্রে চিকিৎসার কোনো অগ্রগতি আছে কি না তাও তাদের কাছে জানতে চাওয়া হয়েছে।প্রজেরিয়া ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পৃথিবীতে এ বিরল রোগে আক্রান্ত ৬৭ জন রোগীর তথ্য বিভিন্ন দেশে রয়েছে। জন্ম থেকেই এ রোগে আক্রান্তদের শরীরে বার্ধক্যের স্পষ্ট ছাপ পড়ে। শরীরের চামড়া কুচকে যায়। চোয়াল দেবে যায়। কপালজুড়ে বলি রেখার ভাঁজ পড়ে। অল্প বয়সেই চুল পাকে। শরীরে নানা রোগ ভর করে। শরীরে কর্মক্ষমতা থাকে না। একটুতেই অসুস্থ হয়ে পড়ে। আবদুল্লাহ বলেন, বাংলাদেশে তুহিনই প্রথম প্রজেরিয়ার রোগী।তুহিনকে সুস্থ জীবন দেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা অধ্যাপক আবদুল্লাহ আশাবাদী নন। তবে তার অন্য রোগ চিকিৎসার সুযোগ আছে। আবদুল্লাহ বলেন, ‘চার-পাঁচ বছর বয়স থেকে সে হার্নিয়ায় ভুগছে। আমরা হার্নিয়ার চিকিৎসা করছি। অন্য রোগ আছে কি তা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। সেই অনুয়ায়ী আমরা তার চিকিৎসা করব।’ তিনি আরও বলেন, পৃথিবীর কোথাও যদি এ রোগের চিকিৎসার ব্যাপারে কোনো কার্যকর ওষুধ বা প্রযুক্তি আবিষ্কার হয়ে থাকে তবে তা তুহিনের ক্ষেত্রে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা প্রজেরিয়া ফাউন্ডেশনের ই-মেইল বা চিঠির অপেক্ষায় আছি।’