চিকিৎসার অবহেলায় গর্ভজাত সন্তানের মৃত্যুর অভিযোগ
চিকিৎসার অবহেলায় রাজধানীর মিরপুরের একটি ক্লিনিকে গর্ভজাত এক সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ওই ক্লিনিকের ব্যবস্থাপক ও চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।মামলার বাদী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বড় বোন ফাতেমা বেগম সন্তানসম্ভবা। ১০ মাস ধরে তাঁকে মিরপুর ২ নম্বরের বিএভিএস মেটারনিটি ক্লিনিকের চিকিৎসক মরিয়ম বেগমের কাছে চিকিৎসা নেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর বোনকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু সকাল থেকে কোনো কর্তব্যরত চিকিৎসক না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয়। পরে তিনি মরিয়ম বেগমকে ফোন করে ক্লিনিকে এসে রোগী দেখার জন্য অনুরোধ করেন। তখন মরিয়ম বেগম তাঁকে বলেন, ‘সিজার করালে আসব। না হলে আসব না।’ মাহফুজুর বলেন, তিনি রোগী পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য মরিয়ম বেগমকে অনুরোধ করলেও তিনি শোনেননি। বিকেল সাড়ে চারটার দিকে তাঁর বোনের অবস্থার আরও অবনতি ঘটে। এ সময় তিনি সিজারিয়ান অপারেশনে রাজি হয়ে চিকিৎসক মরিয়মকে আনতে ক্লিনিকের ব্যবস্থাপক জোবায়দুল ভূঁইয়াকে অনুরোধ করেন। দীর্ঘ সময় পর মরিয়ম এসে সিজারিয়ান অপারেশন করার পর দেখা গেল, তাঁর বোনের গর্ভের সন্তান আগেই মারা গেছে।মাহফুজুরের অভিযোগ, অবহেলার কারণে ওই গর্ভজাত সন্তানের মৃত্যু হয়েছে। এ অভিযোগে গতকাল রাতে বাদী হয়ে তিনি চিকিৎসক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। ব্যবস্থাপক ও চিকিৎসক অবহেলায় মৃত্যুর কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন। যোগাযোগ করা হলে চিকিৎসক মরিয়ম বেগমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী মামলার সত্যতা নিশ্চিত করেছেন।