চিকিৎসার অবহেলায় মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলক নন্দী (৩০) নামের এক যুবক রাজধানীর বেসরকারি সিটি হাসপাতালে গতকাল বুধবার সকালে মারা গেছেন। মৃত অলকের স্বজনের অভিযোগ, চিকিৎসায় অবহেলা ও হাসপাতালে অব্যবস্থাপনার কারণে অলকের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করেছে। অলকের ভাই প্রবীর নন্দী প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে অলকের হঠাৎ বমি শুরু হলে সাড়ে তিনটার দিকে তাঁকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রোববার সকালে চিকিৎসক হারুন অর রশীদ জানান, অলকের শরীরে লবণের স্বল্পতা দেখা দিয়েছে আর লিভারে (যকৃৎ) পানি জমেছে। রোগীকে আইসিইউতে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অলক সুস্থ হবেন। ওই দিন রাত ১২টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসক এম এম মফিজুর রহমান হাসপাতালে এসে বলেন, রোগীর অবস্থা ভালো নয়। সোমবার সকালে একই চিকিৎসক বলেন, অস্ত্রোপচার জরুরি।প্রবীর নন্দী বলেন, অলককে স্কয়ার হাসপাতালে নিয়ে যেতে চাইলে কর্মীরা বলেন, পথেই রোগী মারা যেতে পারে। তখন সিটি হাসপাতালেই অস্ত্রোপচার করাতে তাঁরা বাধ্য হন। হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ করে প্রবীর নন্দী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকেরা কখনো বলেনি অলোকের কী হয়েছে। লিভারে পানি এসেছে, ডেঙ্গুজ্বর হয়েছে, ফুড পয়েজনিং হয়েছে—এ রকম নানা কথা বলেছেন। প্রবীর বলেন, লাশের সৎকার শেষে তাঁরা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন। গতকাল রাত নয়টায় যোগাযোগ করা হলে সিটি হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) আবু সাঈদ মৃধা প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত লিভার নিয়ে অলক যখন হাসপাতালে আসেন, তখন তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসকেরা স্বজনদের সঙ্গে আলোচনা করে ও সম্মতি নিয়ে অস্ত্রোপচার করেছেন। রোগীকে ২৩ ব্যাগ রক্ত দিতে হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিৎসক থাকে, তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজনে ডেকে আনা হয়।