ঢাকা কমার্স কলেজের শিক্ষিকা তৃষ্ণা গাঙ্গুলির হাসপাতালে মৃত্যুর ১১ দিন পরও আসামিরা গ্রেপ্তার হয়নি। শিক্ষিকার স্বজন ও সহকর্মীদের অভিযোগ, চিকিৎসক ফেরদৌসী বেগমসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই।১৯ সেপ্টেম্বর শিক্ষিকার স্বামী দেবাশীষ ভট্টাচার্য বাদী হয়ে খুন নয় এমন অপরাধজনক প্রাণহানির অভিযোগে দণ্ডবিধি আইনে মিরপুর থানায় মামলা করেন। মামলায় মিরপুরের আজমল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ফেরদৌসী বেগমসহ তিনজন চিকিৎসক, একজন অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ও হাসপাতালের কয়েকজন পরিচালককে আসামি করা হয়। এতে চিকিৎসার অবহেলায় তৃষ্ণা গাঙ্গুলির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়।এ বিষয়ে জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, তৃষ্ণার মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।তৃষ্ণার স্বামী দেবাশীষ গতকাল প্রথম আলোকে বলেন, ১৭ সেপ্টেম্বর অস্ত্রোপচারের দিন তৃষ্ণার শরীরে জ্বর ছিল। তাঁর রক্তচাপ অস্বাভাবিক কমে গেলেও পরীক্ষা না করে অবেদনবিদ তাঁকে সম্পূর্ণ অজ্ঞান করেন এবং গাইনি চিকিৎসক অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারে তৃষ্ণা একটি কন্যাসন্তান জন্ম দেন। চিকিৎসকদের অবহেলায় তাঁর মৃত্যু হয়।দেবাশীষ বলেন, নবজাতকসহ তাঁর দুই সন্তান নিয়ে তিনি এখন টাঙ্গাইল শহরে তাঁদের বাড়িতে আছেন। স্ত্রীর অবর্তমানে সন্তানদের বাঁচানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তাঁর স্ত্রীর বড় বোন আপাতত বাচ্চাদের দেখাশোনা করছেন।ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তৃষ্ণার অকালমৃত্যুতে ঢাকা কমার্স কলেজের তাঁর সহকর্মীরা এখনো শোকে মুহ্যমান। কলেজের শিক্ষকেরা এ নিয়ে প্রতিবাদ সভা করেছেন। চিকিৎসকদের ও হাসপাতালের পরিচালকদের দায়িত্বহীনতা ও অবহেলায় তৃষ্ণা মারা গেলেও তাঁদের গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই।১৭ সেপ্টেম্বর ভুল চিকিৎসায় ঢাকা কমার্স কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তৃষ্ণা গাঙ্গুলির (৩২) মৃত্যুর অভিযোগে ওই কলেজের শিক্ষার্থীরা মিরপুরে আজমল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতাল ও যানবাহন ভাঙচুর করেন। ওই দিনই হাসপাতালটির অন্যতম পরিচালক মীর আতাউর রহমান বাদী হয়ে ভাঙচুরের অভিযোগে কলেজের অধ্যক্ষসহ ৩০০-৪০০ জনকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন।