চিকিৎসার জন্য আরিফুলকে ঢাকায় পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আরিফুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে গতকাল সোমবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ নির্দেশ দেন।

আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র।মামলার ধার্য তারিখে তাঁর অনুপস্থিতিতে তাঁর পক্ষে মনোনীত আইনজীবীকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সিলেট বিভাগীয় ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর আদালতের এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ নির্দেশনা দিয়ে আদালত ৩০ সেপ্টেম্বর থেকে আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

গতকাল মামলার আসামিদের মধ্যে ১৪ জনকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছ, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ঘটনার প্রায় ১০ বছর পর ১৩ সেপ্টেম্বর আদালতে ৩২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়। আরিফুল বর্তমানে কারাবন্দী।

সূত্র জানায়, মামলার অভিযোগ গঠনের দিন আরিফুল হকের অসুস্থতার বিষয়টি জানান তাঁর আইনজীবীরা। আরিফুলের চিকিৎসার জন্য ঢাকা অথবা দেশের বাইরের কোনো হাসপাতালে পাঠানোর জন্য আইনজীবীরা আদালতে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার মধ্যে আরিফুলের অসুস্থতার বিষয়ে চিকিৎসকদের প্রতিবেদন দাখিল করতে ওই দিনই কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আদালত। আদালতের নির্দেশে আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্য পরীক্ষা করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি মেডিকেল বোর্ড। প্রতিবেদনে আরিফুল হকের উন্নত চিকিৎসার মতামত দিয়ে এ ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়।