চিকিৎসার জন্য খোকাকে বারডেমে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার জন্য অবিলম্বে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে বারডেম হাসপাতালে পাঠাতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গাড়ি পোড়ানোর মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা-ও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ খোকার করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আইনজীবীরা বলেন, গাড়ি পোড়ানোর মামলায় রোববার খোকার জামিনের আবেদন করা হয়। আর চিকিৎসার বিষয়ে গতকাল সম্পূরক এফিডেভিট দেওয়া হয়। এরপর দুপুরে শুনানি হয়। শুনানিতে খোকার পক্ষের আইনজীবী মওদুদ আহমদ বলেন, খোকা ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। ৮ থেকে ১৬ মে পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৬ মে তিনি অ্যাম্বুলেন্সে করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে কারা হাসপাতালে আছেন। চিকিৎসার জন্য মানবিক দিক বিবেচনা করে খোকার জামিনের আরজি জানান তিনি। এ সময় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, চিকিৎসার জন্য তাঁকে (খোকা) বারডেমে পাঠানো যেতে পারে। আদালতে খোকার পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা, রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান উপস্থিত ছিলেন।জোটের ৪ নেতা মুক্ত: রাজধানীতে গত ২৯ এপ্রিল রাতে গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান গতকাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। অন্যদিকে কাগজপত্রে সমস্যা থাকায় মুক্তি পাননি সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী।উচ্চ আদালত থেকে জামিন আদেশ পৌঁছার পর গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এম কে আনোয়ার ও মাহবুব উদ্দিন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কর্নেল অলি ও আন্দালিব মুক্তি পান। গাড়ি পোড়ানোর মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের পর এই চার নেতাসহ বিএনপির ৩৪ নেতাকে কারাগারে পাঠানো হয়।