চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত-শিবিরের সমর্থকদের গুলিতে আহত পুলিশ সদস্য মো. ইকবাল হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁর অবস্থার উন্নতি হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় গতকাল সাতকানিয়া থানায় ৩৬ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বক্ষব্যাধি হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইকবালকে গত বুধবার মধ্যরাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়। বেলা তিনটার দিকে তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, বহুবিধ চিকিৎসার জন্য ইকবালকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, ইকবালের পাকস্থলী, ফুসফুস ও লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর অবস্থার উন্নতি হয়নি।
গতকাল আইজিপি হাসান মাহমুদ খন্দকার বক্ষব্যাধি হাসপাতালে ইকবালকে দেখতে যান।
এ ঘটনায় জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন গত বুধবার সাতকানিয়া উপজেলার জোটপুকুরিয়া-ফুলতলা এলাকায় শিবিরের কর্মীদের গুলিতে পুলিশের সদস্য ইকবাল আহত হন।
একই দিন কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় গতকাল চকরিয়া থানায় জামায়াতের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় চকরিয়া পৌর শহরে চিরিঙ্গা মহাসড়ক পুলিশের এসআই নিজাম উদ্দিনের মোটরসাইকেল পুড়িয়ে দেয় হরতাল-সমর্থকেরা।