চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন শওকত মাহমুদ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। তিনি চিকিৎসার জন্য ৪০ দিন বিদেশে থাকতে পারবেন।
শওকত মাহমুদের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে শওকত মাহমুদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।
আদেশের পর মাসুদ রানা সাংবাদিকদের বলেন, নাশকতার বিভিন্ন মামলায় কারাবন্দী থাকা অবস্থায় হাইকোর্ট শওকত মাহমুদকে জামিন দিয়েছিলেন। ওই সময় হাইকোর্ট শর্ত দিয়েছিলেন, বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। ১৮ জুলাই বিদেশে যাওয়ার জন্য বিচারিক আদালতের অনুমতি চেয়ে আবেদন করেন শওকত মাহমুদ। কিন্তু তাঁর ওই আবেদন খারিজ হওয়ায় ২৮ জুলাই তিনি হাইকোর্টে আবেদন করেন।