চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন জয়নুল আবদিন
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে পুলিশি হামলায় আহত বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাত সাড়ে নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ঢাকা ছাড়েন তিনি। ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা ও ভাইয়ের ছেলে আসাদুজ্জামান তাঁর সঙ্গে রয়েছেন। ফারুকের বড় মেয়ে তামান্না ফারুক এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউইয়র্কের একটি হাসপাতালে তাঁর বাবার লিগামেন্টের চিকিৎসা করানো হবে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, সাংসদ শহীদউদ্দীন চৌধুরী, হারুনুর রশিদ, ছাত্রদলের সহসভাপতি বজলুল করিম চৌধুরীসহ ফারুকের আত্মীয়স্বজন ও বেশ কিছু নেতা-কর্মী বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। এক সপ্তাহ ধরে ফারুক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানে পুলিশ বাদী হয়ে মামলা করে। মঙ্গলবার উচ্চ আদালত তাঁকে তিন মাসের আগাম জামিন দেন এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দেন।