চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছে সেই ছাত্রীটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার সেই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। ছাত্রীটির পরিবার প্রথম আলোকে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসে মা-বাবার সঙ্গে ওই ছাত্রী ঢাকা ছাড়ে। সেখানে একটি হাসপাতালে ছাত্রীকে চিকিৎসা করানো হবে। বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।টেলিফোনে মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আসামি পরিমল রিমান্ডে আছেন, জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো আসামির কাছ থেকে ছাত্রীর ছবিগুলো উদ্ধার করা যায়নি।’ মামলার অন্য দুই আসামির বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করা হবে বলেও জানান তিনি।অধ্যক্ষের বক্তব্য: গতকাল শুক্রবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেছেন, প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এরই মধ্যে পুলিশ হেফাজতে তাঁর রিমান্ড চলছে। এই অবস্থায় কোনো রকম বিভ্রান্তিকর তথ্যে বিচলিত না হওয়ার জন্য তিনি ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান।গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ বলেন, গত ২৮ জুন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিচালনা পরিষদের সঙ্গে পরামর্শক্রমে তাৎক্ষণিক পরিমল জয়ধরকে মৌখিকভাবে বরখাস্ত করা হয়। ছাত্রীর লিখিত বক্তব্য পাওয়ার পর পরিচালনা পরিষদের সভায় তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাড্ডা থানায় অভিযোগ করা হয়েছে। কর্মসূচি: পরিমল জয়ধরের উপযুক্ত শাস্তি ও কোচিং-বাণিজ্য বন্ধের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের পক্ষ থেকে স্কুলশিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধের দাবি জানানো হবে।