চিকিৎসার দায়িত্ব নিলেন সাংসদ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে নির্যাতনের শিকার গৃহবধূ মণি রানী কর্মকারের (২০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্থানীয় সাংসদ। গত রোববার হাসপাতালে ওই গৃহবধূকে দেখতে গিয়ে সাংসদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শিল্পপতি ফয়জুর রহমান এ কথা জানান।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহের মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মণি রানীর ওপর নির্যাতনের প্রতিবাদে গত শুক্রবার নবীনগর কালীবাড়িতে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে মেয়েটির চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে ১৫ হাজার টাকা সাহায্য দেওয়া হয়।গত রোববার স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদের নির্দেশে তাঁর প্রতিনিধি হয়ে ফয়জুর রহমান ওই গৃহবধূকে দেখতে হাসপাতালে যান। পরে গৃহবধূর হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়ে ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাংসদের নির্দেশে মেয়েটিকে দেখতে এসেছি। তাঁকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো হবে।’উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল দেব বলেন, এ ঘটনা একাত্তরের পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওসমান গনি গতকাল সোমবার বিকেলে হাসপাতালে মণি রানীকে দেখতে যান। তিনি বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সাংসদ শাহ জিকরুল আহমেদ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। মেয়েটির সুচিকিৎসা ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছি।’শ্যামগ্রামের উত্তরপাড়ায় গত ২৪ আগস্ট রাতে একদল দুর্বৃৃত্ত নয়ন কর্মকারের ঘরে ঢুকে তাঁর স্ত্রী মণি রানীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁর ওপর পৈশাচিক নির্যাতন চালায়। প্রথম আলোয় গত বুধবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হলে ওই দিন দুপুরে নবীনগর আইনজীবী সমিতি, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতারা ওই গৃহবধূর বাড়িতে ছুটে যান।পরদিন গত বৃহস্পতিবার ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহাসহ অনেকে হাসপাতালে ছুটে যান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহবধূর স্বামীর হাতে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।