চিকিৎসার দায়িত্ব সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারকে দেখতে গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম l ছবি: প্রথম আলো
বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারকে দেখতে গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম l ছবি: প্রথম আলো

বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
পরে হাসপাতালের বার্ন ইউনিট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বা বিদেশে যেখানে প্রয়োজন, সেখানেই আবুলের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ তিনি সংক্রমণের ঝুঁকি এড়াতে সংবাদকর্মী ও দর্শনার্থীদের আবুলের কক্ষে ভিড় না জমানোর অনুরোধ জানান।
গতকালই প্রথম আনুষ্ঠানিকভাবে আবুলের সমস্যা ও চিকিৎসা কোন পর্যায়ে আছে সে সম্পর্কে জানানো হয়। বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, সম্ভবত আবুল এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিমরফিস নামের একটি
বিরল রোগে ভুগছেন। এ রোগটি ট্রি-ম্যান (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত।
সারা বিশ্বে আবুল বাজনদারসহ চারজন ট্রি-ম্যান সিনড্রোমে আক্রান্ত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে। তাঁদের একজন রুমানিয়া ও অপর দুজন ইন্দোনেশিয়ার নাগরিক। ২০০৭ সালে ইন্দোনেশিয়ার নাগরিক ডেডে কোসোওয়ারা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফিরে গেলেও, পরে আবারও তাঁর হাত-পায়ে শিকড়ের মতো বৃদ্ধি দেখা দেয়। জাকার্তা পোস্ট বলেছে, গত ৩০ জানুয়ারি ডেডে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে মারা যান। প্রায় শিকড়ের মতো দেখতে ছয় কেজি পরিমাণ চামড়া অস্ত্রোপচার করে অপসারণের কয়েক মাস পর নতুন করে ডেডের শরীরে আবারও একই রকম বৃদ্ধি দেখা যায়। কেমোথেরাপি দিয়েও তা ঠেকানো যায়নি।
বছর দশেক আগে আবুল বাজনদারের হাঁটুর নিচের দিকে ছোট ছোট কয়েকটি কালো রঙের আঁচিল দেখা দেয়। এগুলো ধীরে ধীরে তাঁর দুই পা এবং পরে হাতে ছড়িয়ে পড়ে। হাতের আঁচিলগুলো দ্রুত বাড়তে থাকে। এখন তা দেখতে গাছের শুকনো বাকলের মতো। তিনি গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হন। এরপর তাঁর চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
গতকাল সংবাদ সম্মেলনে আবুল বাজনদারের চিকিৎসায় প্লাস্টিক সার্জারির ভূমিকা কতটা এবং আরও ব্যাপক ভিত্তিতে চিকিৎসকদের সম্পৃক্ত করা ও আলাপ-আলোচনা হওয়া প্রয়োজন কি না, সাংবাদিকেরা এ প্রশ্ন তোলেন।
জবাবে মেডিকেল বোর্ড এবং বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান আবুল কালাম বলেন, অস্ত্রোপচারের পর বিকৃতি দূর করতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হবে। তবে পরীক্ষা-নিরীক্ষার ফলাফল হাতে না আসা পর্যন্ত তাঁরা অস্ত্রোপচারের দিকে যাবেন না। তিনি বলেন, রোগ নির্ণয়ের পর চিকিৎসাপদ্ধতি নিয়ে ব্যাপকভাবে আলোচনার সুযোগ রয়েছে।
তবে গতকাল পর্যন্ত আবুলের রক্ত, লালা ও অন্যান্য নমুনা দেশে বা বিদেশের কোনো গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠাতে পারেননি চিকিৎসকেরা। তাঁরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় লস অ্যাঞ্জেলেসের নোরিস কম্প্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টারে নমুনাগুলো পাঠানোর প্রক্রিয়া চলছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশেও (আইসিডিডিআরবি) কিছু নমুনা পাঠানোর প্রক্রিয়া চলছে।
চিকিৎসকেরা ধারণা করছেন, আবুল বাজনদারের শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ হয়ে থাকতে পারে। জিনগত সমস্যা থেকেও এ রোগটি হয়ে থাকতে পারে।
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান খান আবুল কালাম আজাদ বলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ৫০টি ধরন আছে। কোনো কোনোটির কারণে মানুষ ক্যানসারে আক্রান্ত হতে পারেন। এর মধ্যে কোনটি আবুল বাজনদারের দেহে সক্রিয়, তা জানার সুযোগ নেই। সে কারণে নমুনাটি ডব্লিউএইচও অনুমোদিত গবেষণাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।