চিকিৎসার নামে অপচিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন হাটবাজারে হাতুড়ে কবিরাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে। চিকিৎসার নামে তাঁরা চালিয়ে যাচ্ছেন অপচিকিৎসা। আর তাঁদের মিথ্যা কথার ফাঁদে পড়ে গ্রামগঞ্জের সহজ-সরল মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।আসরে হাতুড়ে কবিরাজ বা হেকিম হাজির হয়ে মিথ্যা চটকদার কথায় নিজের তৈরি সালসার (ওষুধ) গুণাগুণ বলতে শুরু করেন। তাঁরা সালসার বোতল তুলে ধরে পেটের ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, বাত, আমাশয়, মেহ, প্রমেহ, ডায়াবেটিস, সর্দি-কাশি, অ্যাজমা, যৌনরোগসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের মতো সব রোগ নিরাময়ের শতভাগ গ্যারান্টি দিয়ে ওষুধ বিক্রি করেন। গ্রাম এলাকার সহজ-সরল মানুষও খুব সহজে তাঁদের কথায় বিশ্বাস করে ওষুধ কিনছে।উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন বলেন, ‘এক মাস আগে বাজার থেকে এক কবিরাজের মিথ্যা কথার ফাঁদে পড়ে ২৮০ টাকা দিয়ে একটা সালসার বোতল নিয়েছিলাম। কিন্তু ওষুধ খাওয়ার পর কোনো কাজই হয়নি।’ সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান বলেন, ‘এ দ্বীপে একটি ১০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়। কিন্তু কোনো চিকিৎসক না থাকায় এসব হাতুড়ে কবিরাজের শরণাপন্ন হতে হচ্ছে। গত সপ্তাহে ওষুধ কিনে তা খাওয়ার পর কাজ হওয়া তো দূরের কথা, উল্টো বেশি অসুস্থ হয়ে পড়ি।’টেকনাফ পৌর এলাকার বাস স্টেশন বাজারে সম্প্রতি গিয়ে দেখা যায়, কবিরাজ আহমদ হোসেন, হাকিম মাওলানা মো. আব্দুল্লাহ ও শামসুল ইসলাম নামের তিনজন পৃথক স্থানে গানের আসর জমিয়ে বিভিন্ন প্রকারের রোগের ওষুধ বিক্রি করছেন। আহমদ হোসেন ও হাকিম মাওলানা মো আবদুল্লাহ বলেন, বিভিন্ন প্রকারে কঠিন রোগে চিকিৎসা বলতে টিউমার, দন্তরোগ, প্যারালাইসিস, সিফিলিস, গনোরিয়া, একশিরা ও অর্শগেজ রোগের শতভাগ সফলতা নিশ্চিত করেন।হোয়াইক্যং ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ও নুরুল আমিন বলেন, এসব হাতুড়ি ও কবিরাজেরা এলাকার সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করে প্রতিদিন হাজার হাজার টাকা নিচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুরাদ খান জানান, এসব হাতুড়ে কবিরাজের চিকিৎসা নিয়ে অনেকে শেষ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন।’সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া এ প্রসঙ্গে বলেন, এসব বিষয় নিয়ে জেলার দু-একটি স্থানে অভিযান পরিচালনা করে কয়েকজনকে আদালতে পাঠানো হয়েছে। টেকনাফেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।