চিকিৎসার নামে প্রতারণা
নাটোরের গুরুদাসপুর উপজেলার চরপিপলা গ্রামে জন্ডিস, ক্যানসারসহ নানা জটিল রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে গত বুধবার পালিয়ে গেছেন এক ব্যক্তি।স্থানীয় সূত্রে জানা গেছে, চরপিপলা গ্রামের জাহিদুল ইসলাম (৩৫) গত মঙ্গলবার দুপুরে পাশের তাড়াশ উপজেলা সদর থেকে সোহেল নামের এক শিশুকে তাঁর বাড়িতে আনেন। জাহিদুল কৌশলে এলাকায় প্রচার চালান, তাঁদের বাসায় অলৌকিক শক্তির এক শিশু অবস্থান করছে। তার পড়া পানি পান করলে জন্ডিস, ক্যানসারসহ নানা রকম রোগ ভালো হয়ে যাবে। এরপর মানুষ সেখানে আসতে থাকে।গ্রামের কলেজছাত্র সজল জানান, মঙ্গলবার বিকেল থেকে বুধবার বেলা দুইটা পর্যন্ত প্রায় ৬০০ জনকে পানি পড়া দিয়েছে ওই শিশু। এখানে আসা প্রত্যেকের কাছ থেকে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায় করেছেন জাহিদুল ইসলাম।খুবজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, চিকিৎসার নামে প্রতারণার খবর পেয়ে বুধবার দুপুরে জাহিদুল ইসলামের বাড়িতে পুলিশ পাঠানো হয়। টের পেয়ে ওই শিশুকে নিয়ে জাহিদুল পালিয়ে যান।এ বিষয়ে মুঠোফোনে জাহিদুল ইসলাম জানান, কিছুদিন আগে ওই শিশুর পানি পড়া খেয়ে তাঁর স্ত্রীর রোগ ভালো হয়ে যায়। এতে ভালো সম্পর্ক গড়ে ওঠায় গত সোমবার ওই শিশু ও তাঁর বাবা জহুরুল ইসলাম তাঁর (জাহিদুল) বাড়িতে আসেন। এর পর থেকে গ্রামের নারী-পুরুষ পানি পড়া নিতে তাঁদের বাড়িতে ভিড় করতে থাকে। মঙ্গল ও বুধবার ২৫০ থেকে ৩০০ জন পানি পড়া নিয়েছে। খুশি হয়ে সবাই টাকা দিয়েছে। এটা প্রতারণা নয়।