চিকিৎসার নামে প্রতারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদরোগে আক্রান্ত কোনো রোগী এলেই মৃত্যুর ভয় দেখিয়ে পেসমেকার বা রক্তনালিতে রিং (স্টেন্ট) পরানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। কিন্তু রোগীর সঙ্গে আসা লোকজন এ পরামর্শে সাড়া না দিয়ে রোগীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। এভাবে রিং পরানো ছাড়াই রোগী সুস্থ হয়ে ওঠেন। আবার চিকিত্সকের কথামতো রিং পরাতে গিয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) কার্ডিওলজি বিভাগে সম্প্রতি এ ঘটনাই ঘটেছে। কয়েকজন অভিযোগ করেছেন, এ বিভাগের চিকিত্সকেরা রোগীদের জিম্মি করে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে রক্তনালিতে রিং পরাচ্ছেন। রিং সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে রামেকের কার্ডিওলজি বিভাগের চিকিত্সকদের যোগসাজশ রয়েছে। একজন রোগীকে স্টেন্টিং বা রিং পরাতে পারলে সেখান থেকে তাঁদের বাড়তি আয় হয়। রাজশাহীর পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম গত ৫ মার্চ তাঁর বাবা মেহের আলীকে রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করান। তিন দিন পর এই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রইছ উদ্দিন ও সিরাজুল ইসলাম নামের অপর এক চিকিত্সক তাঁকে জানান, তাঁর ১০০ বছর বয়সী বাবার রক্তনালিতে স্থায়ী পেসমেকার লাগাতে হবে। এতে দেড় থেকে দুই লাখ টাকা লাগবে। এটা না করলে তাঁর বাবা এক সপ্তাহের মধ্যেই মারা যাবেন। শফিকুল ইসলাম অভিযোগ করেন, পেসমেকার না লাগিয়েই তিনি তাঁর বাবাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলে চিকিত্সকেরা কিছুতেই ছাড়পত্র দেননি। পরে তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক উপমেয়র সেলিম সরদারের শরণাপন্ন হন।সেলিম সরদার জানান, তিনি শফিকুল ইসলামকে মুচলেকা দিয়ে তাঁর বাবাকে ওই হাসপাতাল থেকে বের করার ব্যবস্থা করতে বলেন। পরে ৯ মার্চ মুচলেকা দিয়ে ওই রোগীকে বাসায় নিয়ে যাওয়া হয়। শফিকুল ইসলাম ৪ এপ্রিল জানান, পেসমেকার না লাগালেও তাঁর বাবা এখন বেশ সুস্থ আছেন। নওগাঁর বাঙ্গাবাড়িয়া এলাকার আরমান আনসারী গত ২৮ মার্চ তাঁর মা কিতাবুন্নেছাকে এখানে ভর্তি করান। তিনি অভিযোগ করেন, তাঁর মায়ের বয়স প্রায় ৭৫ বছর। তবে হাসপাতালের খাতায় বয়স কমিয়ে ৭০ বছর লেখা হয়েছে। রিং লাগালে তাঁর মা আরও বেশি দিন বাঁচবেন—চিকিত্সকের কাছ থেকে এই আশ্বাস পেয়ে তিনি রিং পরাতে রাজি হন। এ জন্য তাঁর সঙ্গে রিং কেনা বাবদ এক লাখ ১০ হাজার এবং অন্যান্য খরচ বাবদ আরও পাঁচ হাজার টাকার চুক্তি হয়। ২৯ মার্চ তাঁর মাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছু সময় পরই চিকিত্সকেরা তাঁর মায়ের লাশ নিয়ে বের হয়ে আসেন। এখান থেকে চিকিৎসা নিয়েছেন মজলিস সরকার নামের এক রোগী। চিকিত্সকদের পরামর্শে তাঁর জন্য ঢাকার গ্রিন হার্ট নামের একটি প্রতিষ্ঠান থেকে ‘অ্যালিস কোবাল্ট প্রিমিয়াম করোনারি স্টেন্ট’ ক্রয়ের একটি রসিদ যাচাই করে দেখা যায়, এর দাম রাখা হয়েছে ৭০ হাজার টাকা। রোগীর পরিচয় দিয়ে এই প্রতিষ্ঠানের মালিক আসলাম হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানতে চান, কোন হাসপাতালে অপারেশন করাবেন। রাজশাহীর নাম বলার পরে তিনি বলেন, বাইরের কেনা রিং চিকিত্সকেরা নেবেন না। তাঁদের মাধ্যমে আপনাকে রিং নিতে হবে। চিকিত্সকদের কোনো কমিশন আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কিছুটা আছে। চিকিত্সক রইছ উদ্দিন বলেন, ‘আমরা সাধারণত রোগীদের কী করতে হবে সে বিষয়ে পরামর্শ দিই। আমরা কখনোই ইচ্ছার বিরুদ্ধে কোনো রোগীকে স্টেন্টিং করাই না। শতভাগ সফল কোনো ক্ষেত্রেই হওয়া যায় না।’ তিনি আরও বলেন, ‘রোগীর বয়স ৭০-এর বেশি হলে আমরা সাধারণত রিং পরাতে বলি না।’ রিং সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কমিশন পাওয়ার এবং রোগীকে ছাড়পত্র না দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল লতিফ বলেন, ‘এ ধরনের অভিযোগ কেউ করেননি। সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে আমি অবশ্যই ব্যবস্থা নেব।’