রংপুরের বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা এলাকায় ‘ওয়ার্ল্ড ব্রীজ হেলথ প্রকল্পের’ নামে একটি নামহীন ক্লিনিকে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।প্রতারণার শিকার এক রোগীর মা মনোয়ারা বেগম গত সোমবার রাতে ক্লিনিকের মালিক রুহুল আমিন, ভুয়া চিকিৎসক নাজমুন নাহার, বুলেট, সান্ত্বনা রানী ও কথিত চিকিৎসক মশিউর রহমানকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ সোমবার রাতেই রুহুল আমিন, নাজমুন নাহার ও আয়া সান্ত্বনা রানীকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, মাস দুয়েক আগে গোপনে ওই ভুয়া ক্লিনিকটি চালু করে সেখানে পক্ষাঘাত, ব্যথা, অর্শ, পলিপ, গাইনি ও প্রতিবন্ধী রোগীদের চিকিৎসার নামে অপচিকিৎসা চলছিল। কথিত চিকিৎসক মশিউর রহমান ও নাজমুন নাহার ক্লিনিকের রোগীদের ইলেকট্রিক শক ও ভাইব্রেটিং মেশিন দিয়ে অপচিকিৎসা করতেন।ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুনবাজারের রোস্তমনগর গ্রামের শামসুল আলমের ছেলে দশম শ্রেণীর ছাত্র মানিক মিয়া বছর দেড়েক আগে মেরুদণ্ডে আঘাত পায়। ধীরে ধীরে তার বুক থেকে শরীরের নিচের অংশ অবশ হয়ে পড়ে। মানিকের মা মনোয়ারা বেগম বলেন, ‘দিন বিশেক আগে কথিত চিকিৎসক মশিউর, বুলেট ও মোস্তফা নামে তিন ব্যক্তি আমার বাড়িতে এসে চিকিৎসার মাধ্যমে মানিককে সুস্থ করার নিশ্চয়তা দেন। তাঁদের কথামতো দুই দিন পর মানিককে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর তাঁরা চিকিৎসার জন্য ৪২ হাজার টাকা নেন। কিন্তু তাঁরা চিকিৎসার নামে ইলেকট্রিক শক দিয়ে মানিকের শরীর পুড়িয়ে ফেলেন। পোড়া স্থানে ক্ষতের সৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে সোমবার সন্ধ্যায় ক্লিনিক থেকে ছেলেকে বাড়িতে নিয়ে যেতে চাই। কিন্তু ক্লিনিকের লোকজন বাধা দেন।’সোমবার রাতে ক্লিনিকে গেলে মানিক মিয়ার শরীরের বিভিন্ন স্থানে পোড়া ও ফোসকা দেখিয়ে তার ছোট বোন বলে, ‘কারেন্ট দিয়ে ভাইয়ার শরীর পুড়িয়ে দেওয়া হয়েছে। অবশ থাকায় ভাইয়া কিছুই বুঝতে পারে না। ক্লিনিকে ভাইয়ার মতো আরও তিনজন রোগী ছিলেন। দীর্ঘদিনেও সুস্থ না হওয়ায় গত রোববার তাঁরা ক্লিনিক ছেড়ে পালিয়ে গেছেন।’বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, গোপনে ক্লিনিক চালু করে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আটক হওয়া রুহুল আমিনসহ তিনজনকে গত মঙ্গলবার রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ক্লিনিকের অনুমোদন প্রক্রিয়াধীন আছে। রোগীদের অপচিকিৎসার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তো আমি করি না, করেন ডাক্তার (নাজমুন নাহার ও মশিউর রহমান)। ডাক্তার কেন রোগীদের ইলেকট্রিক শক দেন, সেটা তাঁরাই বলতে পারবেন।’গ্রেপ্তার হওয়া নাজমুন নাহার বলেন, ‘আমি চিকিৎসার কাজে সহায়তা করি মাত্র। মূলত চিকিৎসা দেন মশিউর রহমান। তিনি ঘটনার সময় ক্লিনিক থেকে পালিয়ে গেছেন।’