চিকিৎসার নামে প্রতারণা এক ব্যক্তির দণ্ড
চিকিৎসার নামে প্রতারণা করার দায়ে দিনাজপুরের ফুলবাড়ীতে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শনিবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন। এর আগে শুক্রবার স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
তাঁর নাম মো. রুহুল আমীন (৫০)। তিনি বিরামপুর উপজেলার শান্তির মোড় গ্রামের বাসিন্দা। গত শনিবারই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
এলাকাবাসী অভিযোগ করেন, রুহুল আমীন মাস খানেক আগে উপজেলার নারায়ণপুর গ্রামের ওয়াহেদ মণ্ডলের বাড়ি ভাড়া নিয়ে ক্লিনিক খোলেন। চিকিৎসক পরিচয় দিয়ে তিনি স্থানীয় লোকজনকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তাঁর অপচিকিৎসায় উপজেলার লালপুর গ্রামের গড়পিংলাই গ্রামের মকলেছার আলীর (৫৫) ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে হয়েছে। লালপুর গ্রামের হামিদা বানু, জুলেখা বেগম, সালেহা খাতুনসহ অনেকে বড় ধরনের সমস্যায় পড়েছেন। এ কারণে গত শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন তাঁকে গ্রেপ্তারের দাবিতে ফুলবাড়ী-বিরামপুর সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। গত শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ভ্রামমাণ আদালত বসিয়ে তাঁকে কারাদণ্ড দেন।
রুহুল আমীন দাবি করেন, তিনি ১৫ বছর ধরে এ পেশায় আছেন। কলকাতায় প্রশিক্ষণ নিয়ে তিনি চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। তিনি মকলেছার রহমানকে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তাঁর চিকিৎসার কারণে তিনি (মকলেছার) যে পঙ্গু হয়ে গেছেন সে কথা তিনি অস্বীকার করেছেন।
ইউএনও জানান, রুহুল আমীন চিকিৎসা কার্যক্রম চালানোর জন্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো অনুমতিপত্রও তিনি দেখাতে পারেননি। এ কারণে মেডিকেল অ্যান্ড ডেন্টাল আইনে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি রুহুল আমীন একজন ভুয়া চিকিৎসক। তিনি দীর্ঘদিন অপচিকিৎসা চালিয়েছেন।’