চিকিৎসার নামে প্রতারণা, কসবায় কবিরাজ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চিকিৎসায় প্রতারণা করার অভিযোগে দ্বিজেন্দ্র আচার্য (৪৫) নামের এক কবিরাজ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দ্বিজেন্দ্র আচার্যের বাড়ি কসবা পৌর শহরের শান্তিপাড়া এলাকায়। গত মঙ্গলবার তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তারের সময় পুলিশ আলামত হিসেবে বিভিন্ন ধরনের ভুয়া ওষুধ, কালো সুতা, ডিম, বিভিন্ন ধরনের কাপড় ও তাবিজ জব্দ করেছে। গতকাল সকালে পুলিশ তাঁর স্ত্রীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) সোহেল সিকদার বাদী হয়ে দ্বিজেন্দ্র আচার্য, তাঁর স্ত্রী ও দুই ছেলের নামে মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিজেন্দ্র আচার্য কসবা পৌর শহরের শান্তিপাড়া এলাকায় সাইনবোর্ড লাগিয়ে পেটের পীড়া, জিনের আসর, বন্ধ্যাত্বসহ বিভিন্ন রোগের নামে অপচিকিৎসা দিচ্ছিলেন।
দ্বিজেন্দ্র আচার্য গত মঙ্গলবার বিকেলে থানাহাজতে বসে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তন্ত্রমন্ত্রের সাহায্যে তিনি চিকিৎসা দেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দ্বিজেন্দ্র ভুয়া ও প্রতারক। প্রতারণার অভিযোগে তিনি ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হওয়া মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।