চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
চিকিৎসার নামে প্রতারণা করার অভিযোগে শেরপুরে কাজল মিয়া (৩০) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে কানাশাখোলা নামাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কাজলের (৩০) বাড়ি শেরপুরের সদর উপজেলার কানাশাখোলা নামাপাড়া গ্রামে। এ ঘটনায় সদর থানার এসআই জীবন চন্দ্র বর্মণ তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাজল অনুমতিপত্র না নিয়ে নিজ বাড়িতে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তবে তাঁর বিরুদ্ধে চিকিৎসা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুর সদর থানার গত রোববার রাতে কানাশাখোলা নামাপাড়া গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালান। এসময় পুলিশ সদস্যরা কাজলকে গ্রেপ্তার করে এবং তাঁর বাড়িতে থাকা বিপুল পরিমাণ ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ ও মালামাল জব্দ করেন।
গতকাল থানা হেফাজতে থাকাকালীন কবিরাজ কাজল মিয়া দাবি করেন, তিনি কারও সঙ্গে প্রতারণা করেননি। তাঁর বাবা জফিল উদ্দিন এলাকায় একজন বিশিষ্ট কবিরাজ হিসেবে পরিচিত। সম্প্রতি তাঁর বাবা কবিরাজি করা বাদ দিয়েছেন। বাবার উত্তরসূরি হিসেবে তিনি কবিরাজি করছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কবিরাজ কাজলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর (কাজল) বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত চলছে। গতকাল সোমবার তাঁকে পুলিশ শেরপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠায়।