টাঙ্গাইলের মির্জাপুরে চিকিৎসার নামে এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের বলুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আব্বাস আলী নামের এক ব্যক্তিকে গ্রাম্য সালিসে জুতাপেটা করা হয়েছে।
এলাকাবাসী জানান, মানসিক প্রতিবন্ধী ওই মেয়ে (২৮) তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে থাকেন। মেয়েকে সুস্থ করে তুলতে মা দীর্ঘদিন ধরে বিভিন্ন কবিরাজ দিয়ে তাঁর চিকিৎসা করিয়ে আসছিলেন। বছরখানেক আগে দূরসম্পর্কের চাচা আব্বাস মেয়েটির চিকিৎসার দায়িত্ব নেন। চিকিৎসার নামে তিনি মাঝেমধ্যেই রাত আটটার পর থেকে মেয়েটির কক্ষে গিয়ে ঘণ্টাখানেক থাকতেন। সম্পর্কে চাচা হওয়ায় এ বিষয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার সন্দেহ করা হয়নি।
মেয়েটির ভাই বলেন, সর্বশেষ ২৪ জুন রাত আটটার দিকে আব্বাস এসে মেয়েটির মাকে তেলপড়া আনতে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। এ সময় মেয়েটি ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। এই সুযোগে আব্বাস ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে সটকে পড়েন। মা তেল নিয়ে ফিরে এলে মেয়ের অবস্থা দেখে তাঁর সন্দেহ হয়। তিনি মেয়ের কাছে ঘটনা জানতে পেরে আশপাশের লোকজনকে জানান। পরে রাতেই গ্রামের মাতব্বরেরা সালিস ডেকে আব্বাস আলীকে জুতাপেটা করেন।
তবে মাতব্বরদের এ বিচারে সন্তুষ্ট নন মেয়েটির পরিবারের সদস্যরা। আব্বাসের আরও কঠিন শাস্তি দাবি করেন তাঁরা।
এদিকে আব্বাস আলী বলেন, মেয়েটির মায়ের অনুরোধে তিনি তেলপড়া দিতেন। মেয়ের পরিবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করায় গ্রামের মাতব্বরেরা তাঁকে জুতাপেটা করেছেন। তবে ধর্ষণের অভিযোগ এড়িয়ে যান তিনি।
মুঠোফোনে মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া বলেন, ওই সালিসে তিনি ছিলেন না। তবে ঘটনাটি শুনেছেন। এটা খুবই দুঃখজনক। মেয়েটি যাতে ন্যায়বিচার পান, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মেয়েটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।