চিকিৎসার নামে মাদক ব্যবসা!
বগুড়ার ধুনটে হোমিও চিকিৎসার আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে আওয়ামী লীগের দুই নেতাকে সাত মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার তাঁদের এ দণ্ড দেন। দণ্ড পাওয়া দুই নেতা হলেন উপজেলার গোশাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন (৬০) এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক মইনুল হাসান (৪৫)। ধুনট থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতা আবুল হোসেন ও তাঁর ভাই মইনুল হাসান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি গোশাইবাড়ী বাজার এলাকায় হোমিও চিকিৎসা এবং বই বিক্রির ব্যবসা করছেন। আবুল হোসেন হোমিও চিকিৎসা এবং একই ঘরে মইনুল হাসান বই বিক্রি করেন। তবে তাঁদের দুই ভাই বই বিক্রি এবং হোমিও চিকিৎসার আড়ালে মাদকদ্রব্য বিক্রি করতেন। ধুনট থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য বিক্রির বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় পুলিশ নিয়ে আবুল হোসেন ও মইনুল হাসানের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান। তাঁরা সেখান থেকে ৫৪ বোতল অ্যালকোহলসহ আবুল হোসেন ও মইনুল হাসানকে আটক করেন। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য আইনের ১৯৯০-এর ২১ ও ২৬ ধারায় তাঁদের প্রত্যেককে সাত মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। গোশাইবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জানান, আবুল হোসেন আমার দলের সহসভাপতি ও মইনুল হাসান সংস্কৃতিবিষয়ক সম্পাদক। তাঁরা যে বই বিক্রি ও হোমিও চিকিৎসার পাশাপাশি মাদকদ্রব্যের ব্যবসা করতেন তা তিনি জানতেন না।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আবুল হোসেন ও মইনুল হাসানকে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।