চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামাঞ্চলের রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নীতিমালা উপেক্ষা করে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এবং জরুরি প্রসূতিসেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত তিনজন চিকিৎসককে গ্রামাঞ্চল থেকে প্রেষণে মানিকগঞ্জ সদর হাসপাতালে বদলি করার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে হাসপাতালটিতে বক্ষব্যাধি বিশেষজ্ঞের কোনো পদ না থাকলেও প্যাথলজি বিশেষজ্ঞ পদের বিপরীতে পোস্টিং দেওয়া হয়েছে বক্ষব্যাধি বিশেষজ্ঞকে। এর ফলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় ও মানিকগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর জুলাই মাসে সারা দেশে অস্থায়ী ভিত্তিতে তিন হাজার ৫৫১ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে মানিকগঞ্জে কর্মরত আছেন ৫২ জন। নীতিমালা অনুযায়ী, এই চিকিৎসকদের গ্রামাঞ্চলে থেকে দুই বছর স্বাস্থ্যসেবা দেওয়ার কথা। কিন্তু নীতিমালা লঙ্ঘন করে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত দুই চিকিৎসককে গ্রামাঞ্চল থেকে এনে মানিকগঞ্জ সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে।প্রেষণে বদলি হওয়া চিকিৎসকেরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের ক্ষিতীশ চন্দ্র তালুকদার (কোড: ১২০০৪৮) এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তানজিলা রওনক (কোড: ১২১২৭১)। স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালকের কার্যালয়ের পৃথক পৃথক আদেশে ক্ষিতীশ চন্দ্র তালুকদার সদর হাসপাতালে যোগদান করেন গত ১৩ জুলাই আর তানজিলা রওনক যোগদান করেন ৩ জুলাই।যোগাযোগ করা হলে ক্ষিতীশ চন্দ্র তালুকদার বলেন, ‘মহাপরিচালকের নির্দেশে ঢাকা বিভাগের পরিচালক আমাকে বদলি করেছেন। কোনো কথা থাকলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। নীতিমালা ভঙ্গ করে তাঁরা কেন আমাদের প্রেষণে বদলি করলেন, তাঁদের কাছে কৈফিয়ত চান। আমাকে ডিস্টার্ব করবেন না।’স্থাস্থ্য অধিদপ্তরের কার্যালয় সূত্র আরও জানায়, মাতৃমৃত্যুর হার কমানোর জন্য সরকার জরুরি প্রসূতিসেবা কার্যক্রম নামের একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় মনোনীত চিকিৎসকদের প্রসূতিবিদ্যা ও অ্যানেস্থেসিয়ার ওপরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত এসব চিকিৎসকের দুই বছর উপজেলা পর্যায়ে থেকে জরুরি প্রসূতিসেবা দেওয়ার কথা। এ জন্য তাঁদের বেতনের অতিরিক্ত বিশেষ ভাতা প্রদানেরও ব্যবস্থা রাখা হয়েছে।সূত্র জানায়, এই নীতিমালা উপেক্ষা করে লামিয়া নাজনিন (কোড: ১০০৬৯৪০) নামের এক চিকিৎসককে মেডিকেল অফিসার পদে সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে। ৭ জুলাই তিনি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদর হাসপাতালে যোগদান করেন। এদিকে মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞের কোনো পদ নেই। এর পরও বক্ষব্যাধি বিশেষজ্ঞ বিকাশ চন্দ্র তরফদারকে সদর হাসপাতালে পোস্টিং দেওয়া হয়েছে। প্যাথলজি বিশেষজ্ঞ পদের বিপরীতে ৪ জুলাই থেকে তিনি সদর হাসপাতালে কর্মরত আছেন। মানিকগঞ্জের সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার অনিয়মের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁদের বদলির ক্ষেত্রে আমার কোনো হাত নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসব চিকিৎসক সদর হাসপাতালে কর্মরত আছেন।’স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘শর্ত অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এবং জরুরি প্রসূতিসেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের অন্তত দুই বছর গ্রামাঞ্চলে চিকিৎসা দেওয়ার কথা। তবে নানা চাপের মুখে তাঁদের নীতিমালা উপেক্ষা করেই প্রেষণে বদলি করতে বাধ্য হয়েছি।’