চিকিৎসাসেবা দেন স্বাস্থ্য সহকারীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মাত্র একজন চিকিৎসক দিয়ে। কর্মরত একজন চিকিৎসক গত দুই দিন ছুটিতে থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আসা রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন চিকিৎসকের সহকারীরা।স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বিকল। প্যাথোলজি বিভাগ রয়েছে বন্ধ। একজন আয়াও কর্মরত নেই। ফলে হাসপাতাল কমপ্লেক্সটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। প্রতিদিন দুই শতাধিক রোগী চিকিৎসা না নিয়ে ফিরে যায়। স্পিকারের নির্বাচনী এলাকা ও নিজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এমন করুণ অবস্থা কীভাবে হয়?গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন মিঠামইন উপজেলা চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান। এই করুণ অবস্থা এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসক ও সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেন।সভায় উপস্থিত সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান বক্তব্য দিতে গিয়ে বলেন, হাওরের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ বাস্তবতা সত্যিই লজ্জাজনক ও দুঃখজনক।জেলা সিভিল সার্জন কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রত্যন্ত হাওর উপজেলা মিঠামইন স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। আধুনিক নির্মাণশৈলীর মাধ্যমে বিশাল অবকাঠামোর এ হাসপাতালটি শুরু থেকেই চিকিৎসক-সংকটের মধ্যে পড়ে। চিকিৎসকদের নিয়োগ দেওয়া হলেও তাঁরা কর্মস্থলে যোগদান না করে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কিংবা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে নিয়োগ বাতিল করে অন্যত্র নিয়োগ নিয়ে চলে যান।গত মঙ্গলবার হাবিবুল হক দুই দিনের ছুটিতে চলে যাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকের একজন সহকারী। তাঁকে সহযোগিতা করছেন অন্য আরও দুজন সহকারী।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ঘাগড়া গ্রামের আবু বক্করসহ (৩৫) একাধিক রোগী জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে গতকাল তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে আসেন। কিন্তু কোনো চিকিৎসক না থাকায় তাঁরা বাজারে একজন পল্লি চিকিৎসকের চিকিৎসা নিয়ে ফিরে যান।স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকের সহকারী মো. হাফিজুর রহমান জানান, কর্মরত চিকিৎসক হাবিবুল হক ছুটিতে থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। ফলে বাধ্য হয়ে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কর্মকাণ্ড ও চিকিৎসাসেবা পরিচালনা করতে হচ্ছে।একমাত্র চিকিৎসক হাবিবুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ছাড়া কোনো চিকিৎসক নেই, অথচ নয়জন চিকিৎসক থাকার কথা। তিনি দুঃখ করে বলেন, তীব্র চিকিৎসক ও কর্মচারী-সংকটের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন দিনে দিনে শৌচাগারে পরিণত হচ্ছে।গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘সত্যিই এটি আমাদের জন্য দুর্ভাগ্য।’ তিনি সিভিল সার্জনকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন। তা ছাড়া তিনি সার্বিক সহযোগিতা দেবেন বলে সভায় উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।