চিকিৎসাসেবা না দিয়েও মিলছে নিয়মিত ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চট্টগ্রাম কার্যালয়ের ডিসপেনসারিতে একজন খণ্ডকালীন চিকিৎসক আছেন। কিন্তু তাঁকে কেউ কোনো দিন দেখেননি। অথচ প্রতি মাসে তিনি নিয়মিত ভাতা পাচ্ছেন কোনো চিকিৎসাসেবা না দিয়েই।খণ্ডকালীন স্বাস্থ্য কর্মকর্তা (মেডিকেল অফিসার) প্রদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে এ অভিযোগ করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। অথচ এর পরও গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক তাঁর চাকরির মেয়াদ এবং বেতন-ভাতা বাড়ানোর জন্য চিফ পার্সোনেল অফিসারের কাছে সুপারিশ করেছেন বলে জানা গেছে। গত ১৮ অক্টোবর তাঁর দুই বছর মেয়াদের চাকরির সময়সীমা শেষ হয়েছে ।বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম আখন্দ সুপারিশ পাঠানোর কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ডাক্তার ডিসপেনসারিতে আসবেন কেন। তাঁর চেম্বার তো আমাদের অফিসের কাছেই। তাই দরকার পড়লে কেউ সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন। ডিসপেনসারিতে আমাদের একজন ফার্মাসিস্ট বসেন। তিনিই প্রয়োজনে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।’বিআইডব্লিউটিসি চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, প্রদীপ কুমার চক্রবর্তী ১৪ বছর ধরে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে এখানে কর্মরত আছেন। আর এভাবেই তিনি নিজের চেম্বারে বসে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। আর বর্তমানে পাঁচ হাজার টাকা করে বেতন গুনছেন প্রতি মাসে। নিয়মানুযায়ী সপ্তাহের প্রতি কার্যদিবসে দুই ঘণ্টার জন্য চিকিৎসকের ডিসপেনসারিতে বসার কথা। অভিযোগ সম্পর্কে জানতে প্রদীপ কুমার চক্রবর্তীর মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় বিআইডব্লিউটিসির কার্যালয়ে গিয়ে দেখা গেছে, একতলায় হার্ডবোর্ড দিয়ে ঘেরা ডিসপেনসারিটিতে তালা লাগানো। নাম প্রকাশে অনিচ্ছুক এখানকার এক কর্মচারী বলেন, ‘ডিসপেনসারির জন্য একজন ডাক্তার আছে শুনেছি। কিন্তু এক দিনের জন্যও তাঁর চেহারা আমি দেখেনি। একজন কম্পাউন্ডার মাঝেমধ্যে ডিসপেনসারিটি খোলেন। প্রতি মাসে আমাদের কিছু কিছু ওষুধ দেন তিনি।’এর আগেও বিভিন্ন সময়ে বিআইডব্লিউটিসির কার্যালয়ে গিয়ে ডিসপেনসারিটি বন্ধ দেখতে পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, কোনো চিকিৎসক এখানে বসেন না। শুধু বিআইডব্লিউটিসির একজন কর্মচারী মাঝেমধ্যে এটি খুলে বসেন। কোনো ধরনের ব্যবস্থাপত্র ছাড়াই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতি মাসে এক পাতা নাপা, এক পাতা হিস্টাসিন, এক পাতা মেট্রিল ও ডেটল বরাদ্দ থাকে। তাঁরা ডিসপেনসারি থেকে এগুলো সংগ্রহ করেন।