চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে হাসপাতাল ঘেরাও, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা ও চিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে গতকাল শনিবার সকালে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ লাঠি মিছিল করেছে। পরে তারা হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেছে এবং পরিচালকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দিয়েছে।বেলা ১১টায় নগরের সদর হাসপাতাল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল চত্বরে পৌঁছে। তারা পরিচালকের কার্যালয়ের বাইরের ফটক ঘেরাও করে হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে সমাবেশ করে।প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সমাবেশে বক্তারা বলেন, এ হাসপাতালে চিকিৎসার নামে চরম অব্যবস্থাপনা চলছে। সাধারণ মানুষ চিকিৎসকদের অমানবিক আচরণের শিকার হচ্ছেন। চিকিৎসকেরা কমিশন-বাণিজ্যের স্বার্থে হাসপাতালের রোগীদের প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাঁরাই হাসপাতালের কোটি কোটি টাকার সচল যন্ত্রপাতি অচল করে রাখেন। বক্তারা আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজের কিছু শিক্ষক মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্ধারিত দায়িত্ব ফেলে জেলার বাইরে অন্যত্র প্রাইভেট ক্লিনিকগুলোতে চিকিৎসা দিতে ব্যস্ত থাকেন। আর হাসপাতাল থেকে সংঘবদ্ধ দালাল চক্র রোগীদের প্রাইভেট ক্লিনিকে ধরে নিয়ে গিয়ে সর্বস্বান্ত করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা। চিকিৎসাসেবা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংগঠনের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, হাসপাতালে এমএসআরের (মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিট) বরাদ্দের জন্য প্রায় ছয় কোটি টাকা পড়ে আছে। হাসপাতালের অচল প্রশাসন এখন পর্যন্ত ক্রয়-প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। হাসপাতালের এত বছরের ইতিহাসে কোনো দিন গজ-ব্যান্ডেজের সংকট হয়নি। নতুন বছর শুরু হয়েছে, অথচ হাসপাতালে এখনো নতুন ওষুধ ঢোকেনি। বাংলাদেশের কোনো হাসপাতালে এই অবস্থা নেই। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি হামিদুল হক, সিপিবির নেতা আবুল কালাম আজাদ, দেবাশীষ প্রামাণিক, সাইদুর রহমান, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়রম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর বেলাল আহমেদ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া হাসান, এন্তাজুল হক, নারীনেত্রী সুফিয়া বেগম প্রমুখ।স্মারকলিপিতে ১৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের দায়িত্ব ফেলে অন্যত্র প্রাইভেট প্র্যাকটিসে মনোযোগী চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও হাসপাতালের শয্যার অতিরিক্ত প্রায় ৭০০ রোগীর জন্য বরাদ্দ নিশ্চিত করা এবং নতুন ভবন চালু করে তাতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হূদেরাগ বিভাগ স্থানান্তর করা অন্যতম। হাসপাতালের পরিচালক কর্নেল মো. সাইদুর রহমান বলেন, অনুমতি ছাড়া হাসপাতাল চত্বরে কোনো ধরনের সমাবেশ করা নিষেধ হলেও তাঁরা চড়া গলায় বেশ কিছুক্ষণ চিকিৎসকবিরোধী বক্তব্য রেখেছেন।