কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা। এতে ওই হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ায় রোগীরা ভোগান্তি পোহাচ্ছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার ডাকে গতকাল শনিবার থেকে চিকিৎসকেরা এই কর্মসূচি পালন করছেন। পাশাপাশি আগামীকাল সোমবারের মধ্যে তিন দফা দাবি না মানলে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দেবেন বলে হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা। তাঁদের অপর দুটি দাবি হচ্ছে প্রতিটি ওয়ার্ডে প্রহরী নিয়োগ এবং মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন। ওই কর্মসূচির কারণে কুমিল্লা মেডিকেল কলেজেও কোনো ধরনের ক্লাস হয়নি।
কুমিল্লা মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গতকাল কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন ২১ থেকে ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ ও হাসপাতাল এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানোর দাবি জানিয়েছেন তাঁরা।
কলেজের অধ্যক্ষ ও বিএমএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মহসিনুজ্জামান চৌধুরী বলেন, ‘চিকিৎসকদের কর্মবিরতির কারণে কোনো ধরনের ক্লাস হয়নি। শিক্ষার্থীরা তাঁদের নিরাপত্তার জন্য আমার কাছে স্মারকলিপি দিয়েছেন।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি মধ্যরাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় ঢুকে মুখোশধারী সন্ত্রাসীরা শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক মো. সজীবুল হককে (৩১) রড দিয়ে পিটিয়ে জখম করে। এর আগে ১ জানুয়ারি রাতে মো. সবুজ ভূঞা নামের এক রোগী ও তাঁর বন্ধুদের হাতে চার শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক মারধরের শিকার হয়েছিলেন। এসব হামলার ঘটনার প্রতিবাদে চিকিৎসকেরা আন্দোলন শুরু করেছেন।
গতকাল সকাল নয়টায় হাসপাতালে গিয়ে দেখা গেছে, চিকিৎসকেরা কালো ব্যাজ ধারণ করে বিভিন্ন কক্ষে আড্ডা দিচ্ছেন। বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগী এলেও তাদের চিকিৎসা দেওয়া হয়নি। নতুন করে কোনো ধরনের রোগী ভর্তি হয়নি। হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকলেও সেখানে চিকিৎসক ছিলেন না। ফলে শত শত রোগী সেবা নিতে এসে ফিরে যায়।
দুপুর ১২টায় হাসপাতালের সামনের সড়কে বিএমএর ডাকে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেন চিকিৎসকেরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বিএমএ কুমিল্লা শাখার সভাপতি গোলাম মহিউদ্দিন দীপু, দপ্তর সম্পাদক মো. আবদুল আউয়াল সোহেল, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আলী, চিকিৎসক আবদুল লতিফ ও আবুল বাসার।
জানতে চাইলে বিএমএর সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন ভূঁইয়া বলেন, তিন দিনই সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ চলবে। সোমবার পর্যন্ত ওই কর্মসূচি অব্যাহত থাকবে।
হাসপাতালের নিচতলার করিডরে কথা হয় আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের রসুলপুর গ্রামের আলী আকবরের সঙ্গে। তিনি বলেন, ‘রোগী নিয়ে এসেছি, কিন্তু ডাক্তারদের ধর্মঘটের (কর্মবিরতি) কারণে রোগী দেখা হচ্ছে না।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ও আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল সোহেল বলেন, দাবি মানা না হলে আরও দুই দিন ওই কর্মসূচি চলবে। এরপর বিএমএ বৈঠক করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।
জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বলেন, ‘বিএমএ তিন দিনের কর্মসূচি দিয়েছে। এর বেশি কিছু আমি বলতে পারব না। আমি ছুটিতে রয়েছি।’