চিকিৎসাসেবার মূল্য নির্ধারণে নিয়ন্ত্রণ চান না ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীরা বলেছেন, মুক্তবাজার অর্থনীতির যুগে হাসপাতালে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার মূল্য নির্ধারণ করবে হাসপাতাল, ক্লিনিক বা রোগনির্ণয় কেন্দ্রের মালিক। সরকার শুধু সরকারি প্রতিষ্ঠানের সেবার মূল্য নির্ধারণ করবে। 

আজ মঙ্গলবার দুপুরে খসড়া ‘চিকিৎসাসেবা আইন ২০১৬’ নিয়ে আলোচনা সভায় ব্যবসায়ীরা এ কথা বলেন। রাজধানীর এফবিসিসিআই সভাকক্ষে এফবিসিসিআইয়ের মেডিকেল ও হাসপাতালবিষয়ক স্থায়ী কমিটি এই সভার আয়োজন করে। এটা ছিল স্থায়ী কমিটির দ্বিতীয় সভা।
ব্যবসায়ীরা বলেছেন, কেউ ৫০০ কোটি টাকা দিয়ে যন্ত্র আমদানি করে, কেউ দুই লাখ টাকা দিয়ে আমদানি করে। একই রোগ নির্ণয়ের চীনা ও যুক্তরাষ্ট্রের যন্ত্রের দামে অনেক পার্থক্য। এফবিসিসিআইয়ের উপদেষ্টা মঞ্জুর আহমেদ বলেন, সেবার মূল্য নির্ধারণ করবে বিনিয়োগকারী নিজে। কারণ তাকে লাভ করতে হবে, পাশাপাশি সেই মূল্য প্রতিযোগিতামূলকও হতে হবে। তিনি এ-ও বলেন, দেশে চিকিৎসাসেবায় অযৌক্তিকভাবে বেশি দাম রাখা হয়। কলকাতায় চিকিৎসা করে ৮০ শতাংশ মূল্য সাশ্রয় হয়েছে তাঁর।

একাধিক ব্যবসায়ী নেতা বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতিবছর দেশের বাইরে চলে যাচ্ছে দেশের মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে বলে। তার একটি বড় কারণ, অনেক রোগীর দেশি হাসপাতাল ও চিকিৎসকের ওপর আস্থা নেই। তাই স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়িয়ে উন্নত মানের সেবা নিশ্চিত করা গেলে বিদেশে রোগী যাওয়া বন্ধ হবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
অনুষ্ঠানে সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান শাকিল আহমেদ, স্থায়ী কমিটির সভাপতি প্রীতি চক্রবর্তী, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক এস এম শফিউজ্জামান প্রমুখ বক্তব্য দেন।