চিকিৎসাসেবার মূল্য নির্ধারণে সরকারি নিয়ন্ত্রণ চান না ব্যবসায়ীরা
ব্যবসায়ীরা বলেছেন, মুক্তবাজার অর্থনীতির যুগে হাসপাতালে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার মূল্য নির্ধারণ করবেন হাসপাতাল, ক্লিনিক বা রোগনির্ণয় কেন্দ্রের মালিক। সরকার শুধু সরকারি প্রতিষ্ঠানের সেবার মূল্য নির্ধারণ করবে।
গতকাল মঙ্গলবার খসড়া ‘চিকিৎসা সেবা আইন ২০১৬’ নিয়ে আলোচনা সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। রাজধানীর এফবিসিসিআই সভাকক্ষে এফবিসিসিআইয়ের মেডিকেল ও হাসপাতালবিষয়ক স্থায়ী কমিটি এই সভার আয়োজন করে।
এফবিসিসিআইয়ের উপদেষ্টা মঞ্জুর আহমেদ বলেন, সেবার মূল্য নির্ধারণ করবেন বিনিয়োগকারী নিজে। কারণ, তাঁকে লাভ করতে হবে, পাশাপাশি সেই মূল্য প্রতিযোগিতামূলকও হতে হবে। তিনি এ-ও বলেন, দেশে চিকিৎসাসেবায় অযৌক্তিকভাবে বেশি দাম রাখা হয়। কলকাতায় চিকিৎসা করে ৮০ শতাংশ মূল্য সাশ্রয় হয়েছে তাঁর।
একাধিক ব্যবসায়ী নেতা বলেন, অনেক রোগীর দেশি হাসপাতাল ও চিকিৎসকের ওপর আস্থা নেই। তাই স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়িয়ে উন্নতমানের সেবা নিশ্চিত করা গেলে বিদেশে রোগী যাওয়া বন্ধ হবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান শাকিল আহমেদ বলেন, চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসা শুধু সেবা নয়, ব্যবসামুখী (বিজনেস ওরিয়েন্টেড) সেবা। এতে ব্যবসায়ীরা বিনিয়োগ করেন।
অনুষ্ঠানের সভাপতি প্রীতি চক্রবর্তী খসড়া আইনের বিভিন্ন ধারার দুর্বলতা নিয়ে আলোচনা করেন।
খসড়া আইনের সংশোধনী নিয়ে আলোচনা শেষ না হওয়ায় সভা মুলতবি করেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক এস এম শফিউজ্জামান। সভায় বলা হয়, কোন কোন ধারায় ব্যবসায়ীরা কী পরিবর্তন চান, তা সরকারকে জানানো হবে।