চিকিৎসাসেবায় বিজিবি-বিএসএফ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) যৌথভাবে দুই দেশের সীমান্তবর্তী ২ হাজার ১০০ জন মানুষকে বিনা মূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দিয়েছে। দুই দিন ধরে চলে এ কর্মসূচি।
গতকাল শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় বিজিবি ময়মনসিংহ সেক্টরের আয়োজনে বিজিবির ছয়জন ও বিএসএফের চারজন জন চিকিৎসক সীমান্তবর্তী এলাকার ১ হাজার ৫০০ জনকে চিকিৎসাপত্র ও ওষুধ দেন। গত বৃহস্পতিবার ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার কিল্লাপাড়া এলাকায় তুরা বিএসএফ ক্যাম্পের আয়োজনে বিএসএফ ও বিজিবির নয়জন চিকিৎসক ৬০০ জনকে বিনা মূল্যে সেবা ও ওষুধ দেন।
এ সময় বিএসএফের তুরা জেলার সেক্টর কমান্ডার উদয় প্রতাব সিং পাঠানিয়া, কমান্ডার পিকে শিমরা, সুকুমার পটনায়ক, বিজিবির ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার মোহাম্মদ আতিকুর রহমান, কমান্ডিং অফিসার আনিসুর রহমানসহ দুই দেশের বিজিবি ও বিএসএফের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসএফের তুরা জেলার সেক্টর কমান্ডার উদয় প্রতাব সিং পাঠানিয়া বলেন, বিএসএফ ও বিজিবির যৌথ আয়োজনে দুই দেশে যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে, তাতে দুই দেশের সীমান্তবর্তী ২ হাজার ১০০ জন মানুষ বিনা মূল্যে চিকিৎসা পেয়েছে। এতে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হলো।
ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এর আগে বিজিবি ও বিএসএফের আয়োজনে নানা বিনোদন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম যৌথভাবে দুই দেশের মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হলো। এতে বিজিবি ও বিএসএফের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।