২০০৪ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক হোসাইন আহমেদের স্ত্রী মুশতারী বেগম বুকে ব্যথা নিয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরিবার ভুল চিকিৎসার অভিযোগ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করে। এ নিয়ে সে বছরের নভেম্বর মাসে তৃতীয় সাব জজ আদালতে মামলা করা হয়। মামলার তারিখ পেছাতে পেছাতে দীর্ঘ আট বছর পর এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায় পরিবারটি। গত ২৩ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ইমা আক্তার নামে দুর্ঘটনায় আহত এক স্কুলছাত্রীকে ভর্তি করার দুই দিন পর সে মারা যায়। নার্স ঘুষ চাইলে ঝাড়ুদার দিয়ে ইনজেকশন দেওয়ানোর পরপরই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছে পরিবার। এ নিয়ে গঠিত তদন্ত কমিটি শিশুটির মৃত্যুর জন্য দায়িত্বরত চিকিৎসককে দায়ী করেছে। চিকিৎসায় অবহেলা এবং ভুল ও নিম্নমানের চিকিৎসায় রোগীর মৃত্যুর এমন অভিযোগ নতুন নয়। এই প্রেক্ষাপটে বিষয়টি মোকাবিলাসহ সার্বিক চিকিৎসাসেবার সমস্যা নিরসনের লক্ষ্যে বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ করে আইন কমিশন সম্প্রতি আইন মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছে। এতে চিকিৎসায় অবহেলার বিষয়ে পৃথক পূর্ণাঙ্গ আইন করার সুপারিশ করা হয়েছে।আইন কমিশনের প্রতিবেদনে বলা হয়, সমস্যার বিভিন্ন দিক যেমন, চিকিৎসায় সতর্কতা অবলম্বনের মান নির্ধারণ, অবহেলার প্রকৃতি, প্রকার, পরিমাপ এবং নিরসনে কার্যকর পদ্ধতি ঠিক করা প্রয়োজন। প্রস্তাবিত আইনে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধি এবং আইনটির সুষ্ঠু প্রয়োগের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসাসেবা-সংক্রান্ত সমস্যার প্রতিকারের জন্য কিছু বিচ্ছিন্ন আইন থাকলেও কোনো পৃথক ও পূর্ণাঙ্গ আইন নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চিকিৎসায় অবহেলার প্রতিকারের সুযোগ রয়েছে। তবে এর প্রক্রিয়াটি সহজ নয়। আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘এখন যেসব আইন আছে, তাতে প্রতিকার পাওয়া কঠিন। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসায় অবহেলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং সব পক্ষের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আলাদা আইন তৈরির জন্য সুপারিশমালা প্রস্তুত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’কমিশনের প্রতিবেদনে বলা হয়, বিএমডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের কাঠামোতে চিকিৎসায় অবহেলা, অনিয়ম, ভুল বা আচরণবিধি লঙ্ঘনের প্রতিকারের যে ব্যবস্থা রয়েছে, তা অপ্রতুল। এ ব্যাপারে বিএমডিসির সহসভাপতি চিকিৎসক ইকবাল আর্সালান প্রথম আলোকে বলেন, বিএমডিসি ১৩ বছর অকার্যকর ছিল। তবে সরকার বিএমডিসির জন্য ইতিমধ্যে নতুন আইন প্রণয়ন করেছে। প্রতিষ্ঠানটি শৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছে।সুপারিশমালা: প্রস্তাবিত আইনে অন্তর্ভুক্তির জন্য কয়েকটি সুপারিশ করেছে কমিশন। এতে অবহেলাসহ বিভিন্ন বিষয় নিরূপণে চিকিৎসক, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি বা কমিশন গঠনের কথা বলা হয়েছে। এ কমিটি বিএমডিসি ও বিএমএর পরামর্শক্রমে সরকার চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন করবে, যা মেনে চলা বাধ্যতামূলক হবে। সুপারিশে বলা হয়েছে, সরকারি ও ব্যক্তি মালিকানাধীন হাসপাতালগুলোয় সুষ্ঠু ব্যবস্থাপনা, চিকিৎসক ও চিকিৎসা সহকারীদের নিয়মিত উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসার সুবিধাদি এবং সার্বিক মান নিয়ন্ত্রণ—এ বিষয়গুলো নিশ্চিত করতে পারলে অবহেলার সুযোগ হ্রাস পাবে। সুপারিশে চিকিৎসায় অবহেলার প্রতিকারের জন্য বিশেষ দেওয়ানি আদালত গঠনের কথা বলা হয়েছে। সেখানে ক্ষতিপূরণ ও আদালতের উদ্যোগে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকবে। প্রতিবেদনে চিকিৎসকের সুরক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অবহেলাসংক্রান্ত কোনো বিরোধ বা মামলা হলে তা প্রমাণের আগেই সংশ্লিষ্ট চিকিৎসকের সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।