মানিকগঞ্জ সদর হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সরকারি এই হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে নূরজাহান আক্তার নামের এক প্রসূতিকে প্রায় চার ঘণ্টা রাখা হয়। এ সময়ের মধ্যে অস্ত্রোপচার না করায় তাঁর গর্ভের সন্তান মারা যায় বলে স্বজনেরা অভিযোগ করেছেন।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় প্রসূতির স্বামী কামাল মিয়া দুই চিকিৎসকের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁরা হলেন আবদুল আওয়াল ও হাজেরা শিরিন নূরজাহান।
প্রসূতির পরিবার ও তাঁদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নূরজাহানের বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার বড় সুরুন্ডি গ্রামে। গতকাল সকাল ছয়টার দিকে তাঁর প্রসবব্যথা ওঠে। সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। কিন্তু বেলা আড়াইটা পর্যন্তও তাঁর অস্ত্রোপচার হয়নি। এ সময় কেন অস্ত্রোপচার করা হচ্ছে না, জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক প্রসূতির স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
পরে স্বজনেরা বেলা পৌনে তিনটার দিকে নূরজাহানকে জেলা শহরের খালপাড় এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি মৃত কন্যাসন্তানের জন্ম দেন।
নূরজাহানের ভাই মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে চার ঘণ্টা সদর হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে রাখা হয়। প্রসবব্যথায় কাতরালেও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল আওয়াল ও হাজেরা শিরিন নূরজাহানের অস্ত্রোপচার করেননি। এ কারণে আমার বোনের গর্ভের সন্তান মারা যায়। বোনের অবস্থাও আশঙ্কাজনক।’
এসব অভিযোগ অস্বীকার করে চিকিৎসক আবদুল আওয়াল বলেন, আরেকটি মুমূর্ষু রোগীর অস্ত্রোপচার করা হচ্ছিল। এ কারণে ওই প্রসূতির তাৎক্ষণিক অস্ত্রোপচার করা যায়নি।
গতকাল রাত সাড়ে আটটার দিকে অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে চিকিৎসক হাজেরা শিরিন নূরজাহান বলেন, ‘এ ব্যাপারে এখন কোনো কথা বলব না। আগামীকাল (আজ বুধবার) হাসপাতালে আসি, তারপর কথা হবে।’
অভিযোগের বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান বলেন, ‘অভিযোগের বিষয়টি শুনেছি। তবে তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনায় ওই প্রসূতির স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।