চিকিৎসায় অবহেলার অভিযোগে গোপালগঞ্জে ক্লিনিক ঘেরাও
গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গার ভূঁইয়া ক্লিনিকে ভর্তি রোগীর প্রতি অবহেলা ও প্রতারণার অভিযোগে গত রোববার সন্ধ্যায় শহরের কুয়াডাঙ্গা ও ফকিরকান্দি গ্রামের শতাধিক যুবক ওই ক্লিনিক ঘেরাও করেন।ভুক্তভোগী হরিদাসপুর গ্রামের জব্বার শেখ জানান, গত ২৩ আগস্ট তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী কল্পনা বেগমকে ভূঁইয়া ক্লিনিকে ভর্তি করেন। তাঁকে ওই দিন সকাল আটটায় ক্লিনিকে ভর্তি করা হলেও বেলা একটা পর্যন্ত সেখানে কোনো চিকিৎসক দেখতে আসেননি। কর্তব্যরত কর্মচারীদের কাছে চিকিৎসকের কথা জানতে চাইলে তাঁরা মুঠোফোনে কথা বলেন। এরপর তাঁরা জানান, রোগীকে সিজার করতে হবে। এতে রাজি হলেই কেবল চিকিৎসক ক্লিনিকে আসবেন। একপর্যায়ে রোগীকে অন্যত্র চিকিৎসার জন্য নিতে চাইলে তাঁরা কোনোভাবেই ছাড়তে রাজি হন না। পরে রোগীকে সংকটাপন্ন অবস্থায় রাত একটার দিকে ফরিদ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক ডেলিভারি হয়। বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় ইয়াকুব আলী বলেন, ‘এলাকাবাসী ২৮ আগস্ট বিষয়টি সিভিল সার্জনকে লিখিতভাবে জানিয়েছে। কিন্তু তিনি অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় যুবকেরা ওই ক্লিনিক ঘেরাও করেন। আমরা এই ক্লিনিকে একজন স্থায়ী চিকিৎসক চাই। তা না হলে এই ক্লিনিক বন্ধ করে দিতে হবে।’ভূঁইয়া ক্লিনিকের চিকিৎসক মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘আমি ও আমার স্ত্রী গাইনি বিশেষজ্ঞ লুৎফুন নাহার এই ক্লিনিকে পার্টটাইম কাজ করি। শুনেছি, রোজার মধ্যে রাত আড়াইটা থেকে তিনটার দিকে ক্লিনিকে একজন মহিলা রোগী আসেন। কিন্তু রাতে আমরা এখানে না থাকায় ক্লিনিকের সিস্টার রোগীকে অন্য কোনো স্থানে নিয়ে যাওয়ার কথা আমাকে বলেন। এ নিয়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। আমি মনে করি, সম্প্রতি গঠিত জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কমিটিতে আমি থাকায় জেলা বিএমএর সভাপতি আবিদ হাসান রোগীর পরিবারকে ইন্ধন দিয়ে এই কাজ করিয়েছেন। শহরে তাঁর একটি প্রাইভেট হাসপাতাল আছে এবং পরে ওই রোগী সেখানে চিকিৎসা নিয়েছেন।’আবিদ হাসান বলেন, ‘স্বাচিপের কমিটির সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র নেই। চিকিৎসা নিয়ে রোগী চলে গেছেন। তাঁদের সঙ্গে চিকিৎসার বাইরে কোনো কথা হয়নি। মনিরুজ্জামান ভূঁইয়ার স্ত্রী লুৎফুন নাহার চারদলীয় জোট সরকারের সময় ড্যাবের কমিটিতে ছিলেন। তাঁকেসহ ড্যাবের কয়েকজন সাবেক সদস্যকে নিয়ে ঢাকায় বসে স্বাচিপের কমিটি করা হয়েছে। বর্তমান কমিটির অরুণ কান্তি বিশ্বাস, চিন্ময় দত্ত, এমনকি আহ্বায়ক রণেন্দু শেখর বিশ্বাসও ড্যাবের কমিটিতে ছিলেন। তাঁরা নিজেদের ভুল স্বীকার করে রাতারাতি যদি স্বাধীনতা চিকিৎসক পরিষদের লোক হয়ে যেতে চান, হবেন। কিন্তু নেতৃত্ব তাঁদের হাতে যেতে পারে না। এ কারণে আমরা পাল্টা কমিটি করেছি।’গোপালগঞ্জের সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, ‘রোগীর প্রতি অবহেলার অভিযোগে ভূঁইয়া ক্লিনিক ঘেরাওয়ের খবর শুনেছি। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগও পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত দল গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’