চিকিৎসায় অবহেলার অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার চিকিৎসায় অবহেলার কারণে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও চারজন চিকিৎসককে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভাতশালা গ্রামের ফজিলা খাতুন জানান, তাঁর দেবর টুটুল সরদার (২৭) গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দুপুর পৌনে ১২টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসা না দিয়ে তাঁকে সদর হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বাইরে থাকায় তাঁরা টুটুলকে মাইক্রোবাসে করে সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু অক্সিজেন সিলিন্ডার মাইক্রোবাসে দিতে আপত্তি জানান চিকিৎসক। একপর্যায়ে তাঁর দেবর মারা যান। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন চিকিৎসকদের ওপর চড়াও হয়।চিকিৎসক ইফতেখার আলম জানান, গতকাল টুটুল সরদার নামের এক ব্যক্তিকে তাঁর স্বজনেরা অচেতন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসা দিতে তাঁকে সদর হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। এর পরপরই টুটুল মারা যান। পরে ২০-২৫ জন লোক স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে তাঁদের (চিকিৎসক) ওপর হামলা চালায়। স্বাস্থ্য সহকারী শেখ মুরাদ হোসেন অভিযোগ করেন, উপজেলা সৈনিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মিজানুর মীর নূর, বিএনপি সমর্থক আনারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মো. সবুজের নেতৃত্বে ২০-২৫ জন টুটুলের মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁরা জরুরি বিভাগের দরজা, চেয়ার, আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করেন। এ সময় তাঁদের হামলায় তিনি (শেখ মুরাদ), চারজন চিকিৎসক ইফতেখার আলম, অতীশ চন্দ্র বাছাড়, নাছিরউদ্দিন গাজী ও আবুল হোসেন এবং পিয়ন জাহাঙ্গীর আলম আহত হন। রাজু আহম্মেদ বলেন, চিকিৎসকের অবহেলায় টুটুলের মৃত্যু হয়েছে—এ তথ্য পেয়ে স্থানীয় কয়েকজন তরুণ স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তারা ঘটনাটি জানার চেষ্টা করলে শেখ মুরাদ ও পিয়ন জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে কয়েকজন কর্মচারী তাঁদের মারধর করে আটকে রাখেন। এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আতিক তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।